মুক্তি পেয়েই হিট 'মিনিয়ন্স'
‘ডেস্পিকেবল মি’ ফ্র্যাঞ্চাইজির স্পিন অফ সিনেমা ‘মিনিয়ন্স’ মুক্তির সঙ্গে সঙ্গেই দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্রের বক্স-অফিস। প্রথম তিন দিনেই ১১ কোটি ৫২ লাখ ডলার আয় করে অ্যানিমেটে সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।
এর আগে ‘টয় স্টোরিজ’-এর সিনেমাগুলোকে টপকে ২০০৭ সালের সিনেমা ‘শ্রেক দ্য থার্ড’ অর্জন করে নিয়েছিল অ্যানিমেটেড সিনেমাগুলির মধ্যে সবচেয়ে বেশি উদ্বোধনী আয়ের রেকর্ড। মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি আয় করেছিল ১২ কোটি ১৬ লাখ ডলার।
মাত্র সাত কোটি নয় লাখ ডলারের বাজেটে নির্মিত ‘মিনিয়ন্স’ এর মধ্যেই নাম লিখিয়ে নিয়েছে হিটের খাতায়। এবারের সিনেমাটির গল্প এগিয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খলচরিত্রের খোঁজে নামা তিন মিনিয়ন - কেভিন, স্টুয়ার্ট এবং ববের অভিযান নিয়ে। এই কুখ্যাত ভিলেইন স্কারলেট ওভারকিলের কণ্ঠ দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী সান্ড্রা বুলক। এই সিরিজের চতুর্থ সিনেমা ‘ডেসপিকেবল মি থ্রি’ মুক্তি পাবে ২০১৭ সালে।
‘মিনিয়ন্স’-এর দাপটে মুক্তির পঞ্চম সপ্তাহ পার করে কিছুটা হলেও মন্থর হয়েছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর জয়যাত্রা। চলতি সপ্তাহে ১ কোটি ৮১ লাখ ডলার আয় করেছে সিনেমাটি। ওদিকে ডিজনি-পিক্সারের আরেক সাড়া জাগানো অ্যানিমেটেড সিনেমা ‘ইনসাইড আউট’ ১ কোটি ৭১ লাখ ডলার আয় নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে।
এই সপ্তাহেই মুক্তি পাওয়া হাইস্কুল হরর মুভি ‘দ্য গ্যালোজ’ আয় করেছে ১ কোটি ডলার। রায়ান রেনল্ডস অভিনীত সাইফাই মুভি ‘সেল্ফ/লেস’ আয় করতে পেরেছে ৫৪ লাখ ডলার। বক্স-অফিসে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে সিনেমা দুটি।
