২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যখন সুপারম্যানের শত্রু ব্যাটম্যান

যুক্তরাষ্ট্রে চলতে থাকা কমিককনে প্রকাশিত হওয়ার পর এবার অনলাইনে মুক্তি পেল জ্যাক স্নাইডারের নতুন সিনেমা ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস’-এর নতুন ট্রেইলার। তিন মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেইলারে ব্যাটম্যান আর সুপারম্যান ছাড়াও সিনেমার প্রধান খলনায়ক লেক্স লুথার এবং আরেক সুপারহিরো ওয়ান্ডার উইমেনের ঝলকও দেখা গেল প্রথমবারের মতো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 12:50 AM

Updated : 26 Jul 2022, 12:03 PM

ট্রেইলারের শুরুতেই দেখানো হয়েছে জেনারেল জডের সঙ্গে সুপারম্যানের যুদ্ধের ফলে বিদ্ধস্ত মেট্রোপলিস নগরীর ধ্বংসচিত্র। আর এর জন্য সুপারম্যানকেই দায়ী করে বিচার সভা বসানো হয়েছে । পরবতর্ীতে দেখা যায়, খলনায়ক লেক্স লুথারই আসলে সুপারম্যানকে ধ্বংস করে দেওয়ার জন্য পেছন থেকে কলকাঠি নাড়ছে।

এবারের সিনেমা লেক্স লুথারের চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য সোশাল নেটওয়ার্ক’ খ্যাত জেসি আইজেনবার্গ। এবং প্রথমবারের মতো টেকোমাথার বদলে একমাথা সোনালী চুলের লেক্স লুথারকে দেখা যাবে এই সিনেমায়।

ট্রেইলার থেকে আরও জানা যায়, সুপারম্যানকে দোষী সাব্যস্ত করা নিয়ে রাজনৈতিক মার প্যাঁচের মধ্যেই শহরে অপরাধ দমনে দীর্ঘদিন পরে ব্যাটম্যান রূপে ফিরে আসে ব্রুস ওয়েন। স্বাভাবিকভাবেই আগের চেয়ে বয়স্ক এই ব্যাটম্যান শহরের বিশৃঙ্খলার জন্য দায়ী করে সুপারম্যানকেই। সুপারম্যানের সঙ্গে দ্বৈরথে নামতে দেখা যায় ব্যাটম্যানকে। লেক্স লুথারের বয়ানে উঠে আসে এই লড়াইয়ের ‍চিত্র - “কালো এবং নীল, ঈশ্বরের বিরূদ্ধে মানুষ, দিনের বিরূদ্ধে রাত।”

অন্যদিকে ওয়ান্ডার উইমেনের চরিত্রে গ্যাল গেডটের কয়েক ঝলক দেখা গেছে ট্রেইলারে।

এবারের কমিককনেই প্রথমবারের মতো এই সিনেমায় নিজেদের চরিত্র নিয়ে খোলাখুলি কথা বলার সুযোগ পেয়েছেন কলাকুশলীরা।

পর্দায় ষষ্ঠ অভিনেতা হিসেবে ব্যাটম্যানকে ফুটিয়ে তোলার গুরুভার নিয়ে অ্যাফ্লেক বলেন, “আমার মনে হয়, আগে এই চরিত্রে অভিনেতারা কে কিভাবে কাজ করেছেন, সেটা নিয়ে যদি আমি বেশি চিন্তা করতাম, তাহলে আমার পক্ষে অভিনয় করা সম্ভব হতো না। ”

নিজের চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, “ব্যাটম্যান এখন তার যৌবনের শেষে, তার বয়স বেশি এবং সে পুরোপুরি বিদ্ধস্ত।”

ওদিকে জেসি আইজেনবার্গ লেক্স লুথারকে নিয়ে বলেন, “এই চরিত্রে সব সময়ই অন্যরকম এক উপাদান থাকে। তবে আগের সিনেমাগুলোর মতো না হয়ে এই সিনেমায় লেক্স লুথারের এক ধরনের আবেগীয় বহিঃপ্রকাশ আছে। তাছাড়া তার মাথায় চুলও আছে।”

গ্যাল গেডট ওয়ান্ডার উইমেনকে নিয়ে বলেন, “এই চরিত্রের সুপারহিরোর মতো শক্তি আছে। কিন্তু একই সঙ্গে সে ভীষণ কোমল, ভালোবাসাপূর্ণ এবং তার আবেগ রয়েছে।”