এবার তেলেগু সিনেমার হলিউডি রিমেইক?
হলিউডি সিনেমা থেকে ‘অনুপ্রাণিত’ হয়ে হিন্দি, তামিল এমনকি বাংলা সিনেমা তৈরীর কথা তো শোনা যায় হরহামেশাই। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, এক তেলেগু ভাষার সিনেমা না কি অনুপ্রাণিত করেছে হলিউডি এক প্রযোজনা প্রতিষ্ঠানকে।
কথা হচ্ছে নির্মাতা এসএস রাজামৌলির বহুল আলোচিত সিনেমা ‘বাহুবালি’ নিয়ে। পিরিয়ড ড্রামা ঘরানার সিনেমাটিকে বলা হচ্ছে ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যায়বহুল সিনেমা। তেলেগুর পাশাপাশি সিনেমাটি মুক্তি পাচ্ছে হিন্দি এবং তামিল ভাষাতেও। অভিনয় করেছেন প্রাভাস, রানা ডাগ্গুবাতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, রাম্ভার মতো তেলেগু তারকারা।
এই সিনেমা ইংরেজি ভাষায় নির্মানের আগ্রহ প্রকাশ করেছে হলিউডভিত্তিক এক নির্মাতা সংস্থা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ ব্যাপারে সূত্র জানায়, রাজামৌলি নিজেও দারুণ অবাক হয়েছেন এ ধরনের প্রস্তাব পেয়ে।
“রাজামৌলির জন্যও এটা অবাক হওয়ার মতো বিষয় ছিল, কিন্তু তাদের মধ্যে এখনও কোনো চুক্তি হয়নি। দুই পক্ষের মধ্যে এখন আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে তারা সবকিছু সম্পর্কে নিশ্চিত হতে চাইছে।”
‘বাহুবালি’ মুক্তির সঙ্গে সঙ্গে সাড়া পড়ে গেছে ভারতজুড়ে। অনেক স্থানে সিনেমা দেখতে আসা দর্শকদের সামাল দিতে পুলিশ পর্যন্ত নিয়োগ দিতে হচ্ছে।
