আসছে জিপি মিউজিক অ্যাপস
বাংলাদেশি গান নিয়ে জিপি মিউজিক অ্যাপস চালু করলো মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীনফোন। মঙ্গলবার বিকালে রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে সংবাদ সম্মেলন করে এই অ্যাপস চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
গ্রামীণফোন বলছে, জিপি মিউজিক হবে বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল মিউজিক প্লাটফর্ম যেখান থেকে শ্রোতারা তাদের পছন্দের গানটি ডাউনলোড করে নিতে পারবেন। প্রতিটি গানের জন্য ৫ টাকা এবং প্রতি অ্যালবামের জন্য ৪০ টাকা গুণতে হবে শ্রোতাদের।
জিপি অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোন জানায়, এই অ্যাপসে ১৫টি এক্সক্লুসিভ ঈদ অ্যালবামও পাওয়া যাবে। জিপি মিউজিকের ঈদ এক্সক্লুসিভের মধ্যে রয়েছে ‘আজম খান গোল্ডেন কালেকশনস’, আইয়ুব বাচ্চুর সলো অ্যালবাম ‘জীবনের গল্প’, মাইলসের ‘প্রতিচ্ছবি’, মিলার ‘আনসেনসরড’, তপুর ‘দেখা হবে বলে’, মেহরিনের ‘সেভেন’, আসিফ ইকবালের সমন্বয়ে মিশ্র অ্যালবাম ‘চলো অন্তহীন’ এবং ‘আমি ছুঁয়ে দিলেই’, ফিডব্যাকের ‘এখন’, কনকচাঁপার ‘পদ্মপুকুর’, তৌসিফের ‘আয়োজন’, এনামুল করিম নির্ঝরের সমন্বয়ে ‘এক নির্ঝরের গান’, শুভ্রদেব ‘গোল্ডেন কালেকশনস’ এবং আলাউদ্দিন আলীর ‘গোল্ডেন কালেকশনস’।
অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে ‘প্রতিচ্ছবি’ অ্যালবামটি নিয়ে বলতে গিয়ে মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ বলেন, “আসলে গান করার জন্য সুষ্ঠু পরিবেশ না থাকলে শিল্পীরা গান গাইতে আর আগ্রহ পাবে না। আমাদের কষ্টের গান যদি এভাবে বাজারে ছেড়ে দিই, মুনাফা আনতে না পারি তবে গান করে আর কী লাভ! এই মিউজিক অ্যাপসটি সত্যিই নতুন এক প্ল্যাটফর্ম হয়ে এলো আমাদের জন্য।”
একই ব্যান্ডের মানাম আহমেদ বলেন, “শ্রোতাদের গান শোনার ধরন এখন বদলে গেছে। গান শোনার জন্য তারা আলাদা কোনো ডিভাইস ব্যবহারের চেয়ে এখন মোবাইলেই গান শুনছেন, ডাউনলোড করছেন। এ পরিবর্তনের কথা মাথায় রেখেই গানকে বাঁচাতে সত্যি ভিন্ন কিছু দরকার ছিল।”
জিপি মিউজিক অ্যাপস নিয়ে বলছেন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর।
এলআরবির আইয়ুব বাচ্চু বলেন, "গানের মানুষদের অভিমান সত্যি ভীষণ হয়। অভিমানী মানুষগুলো গান গাওয়া যদি সত্যি বন্ধ করে দেয়, তবে তারা সত্যি আর ফিরবে না। এক বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের জন্য এই অ্যাপসটি সত্যি দারুণ কাজে দিবে।”
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, “প্রযুক্তির পরিবর্তন আর পাইরেসির কারণে সঙ্গীত শিল্পীদের শ্রমের উপযুক্ত মূল্যায়ন কঠিন হয়ে উঠছিল। যার ফলে এই শিল্পে গত কয়েক বছরে মন্দাভাব দেখা দেয়। গ্রামীণফোন এই হতাশাজনক অবস্থার অবসানে এবং শিল্পীদের উপযুক্ত সম্মানী অর্জনে সহায়তা করতে এগিয়ে এসেছে।”
আজমান আশা করছেন, শ্রোতাদের কাছে সুলভ মুল্যে গানকে নিয়ে যেতে পারলে পাইরেসি কমে আসবে এবং আমাদের শিল্পীরা সত্যিকার অর্থে উপকৃত হবেন। এই ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ কর্মসূচির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
গ্রামীণফোনের তরফ থেকে আরও জানানো হয়, গ্রাহকরা খুব সহজেই music.grameenphone.com সাইট থেকে তাদের পছন্দের গান ডাউনলোড করতে পারবেন। অচিরেই গুগুল প্লে স্টোরে জিপি মিউজিকের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ পাওয়া যাবে।
ছবি- তানজিল আহমেদ জনি
