আবার রানী কাঙ্গানা
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা কেতান মেহতার নতুন সিনেমায় রানী লক্ষ্মী বাঈয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কাঙ্গানা রানাওয়াত। শোনা যাচ্ছে, এই সিনেমায় অভিনয় করতে পারেন ব্রিটিশ অভিনেতা হিউ গ্র্যান্টও।
হিন্দুস্তান টাইমস বলছে, ঝাঁসির রানীর জীবনীভিত্তিক সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন কাঙ্গানা। এই সিনেমার জন্য এক বছরব্যাপী বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে এই অভিনেত্রীকে। ঘোড়ায় চড়া থেকে শুরু করে তলোয়ারবাজি এবং যুদ্ধের নানা কৌশলও শিখবেন তিনি।
শোনা যাচ্ছে, ব্রিটিশ জেনারেল হিউ রোজের ভূমিকায় অভিনয়ের জন্য হিউ গ্র্যান্টকে নিতে চাচ্ছেন নির্মাতারা। ১৮৫৮ সালে ঝাঁসিতে ব্রিটিশ সেনাবাহিনির নেতৃত্ব দিয়েছিলেন হিউ রোজ।
সিনেমাটি সম্পর্কে কেতান মেহতা বলেন, "আমি চাইছিলাম ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয়দের বিদ্রোহের ওপর তিনটি সিনেমা নির্মাণ করতে। এই সিনেমাটি হবে ২০০৫ সালে মুক্তি পাওয়া 'মাঙ্গাল পান্ডে'র সিকুয়াল। আমি খুবই আনন্দিত।"
আগামী বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে সিনেমাটির। এটি হিন্দি এবং ইংরেজি দুটি ভাষাতেই চিত্রায়িত হবে।
