সারা দেশের হল যাচাইয়ে লোক মাত্র ছয়
বিভিন্ন খাতে জনবল সংকটে ভুগছে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড। প্রয়োজনের তুলনায় জনবল না থাকায় সিনেমা হল পরিদর্শনের মতো গুরুত্বপূর্ণ কাজটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সেন্সর বোর্ডে বিভিন্ন পদে ৩৬ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও সেখানে কর্মরত রয়েছেন মাত্র ২০ জন। তৃতীয় শ্রেণির বেশ কটি পদও খালি রয়েছে।
সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন গ্লিটজকে জানান, এ মুহূর্তে সেন্সর বোর্ডে হল পরিদর্শনের জন্য মাত্র ছয়জন পরিদর্শক রয়েছেন। এ ছয়জনের পক্ষে দেশব্যাপী সিনেমা হল পরিদর্শন বেশ দুরূহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “মাত্র ছয়জনের পক্ষে হল পরিদর্শন করা সত্যি কঠিন হয়ে দাড়িয়েছে। এ ছয়জন পরিদর্শক সারাদেশ ঘুরে সিনেমা হলের সার্বিক অবস্থা সম্পর্কে জানান। কিন্তু একই সময়ে তারা তো দেশের প্রতিটি জেলায় পরিদর্শনে যেতে পারেন না। জনবলের সীমাবদ্ধতার কারণে স্থানীয় পযর্ায়ের অভিযোগ থাকা সত্ত্বেও আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি না।”
দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের তথ্য কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতার বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “সেন্সর পরিদর্শন কাজটি তাদের এখতিয়ারে পড়ে না। যদি বাড়তি দায়িত্ব হিসেবে তাদের উপর অর্পিত হয়েও থাকে, তবে তারা তো সেন্সর নীতিমালা নিয়ে ওয়াকিবহাল নন। সুতরাং হল পরিদর্শন শেষে প্রতিবেদন দেবেনই বা কেমন করে?”
সেন্সর পরিদর্শন প্রক্রিয়াতেও রয়েছে জটিলতা। পরিদর্শকরা সরাসরি স্থানীয় প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন না। তাদের প্রতিবেদন অনুযায়ী সেন্সর সচিব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন স্থানীয় প্রশাসনকে। ততক্ষণে অভিযুক্ত হল, সিনেমাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি হয়ে যায় বলে জানান মুন্সী।
এ ব্যাপারে নিজস্ব অভিমত জানালেন সচিব, “পরিদর্শকদের জন্য স্থানীয় পযর্ায়ে কোনো কার্যালয় থাকলে তা সত্যি ফলপ্রসু হত। বিভাগীয় ও জেলা পযর্ায়ে হল পরিদর্শন কার্যক্রম আরও বেশি বেগবান হত।”
গেল মে-জুন মাসে সেন্সর বোর্ডের পরিদর্শকরা ১৫ জেলায় ৩৬টি হল পরিদর্শন করেছেন। অশ্লীল পোস্টার, সেন্সর সনদবিহীন অশালীন কাটপিস সংযোজনের অভিযোগে ৬টি সিনেমার পোস্টার জব্দ করেছেন। এই সিনেমাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মুন্সী জালাল উদ্দিন।
গেল মে-জুন মাসে সেন্সর বোর্ড ছয়টি বাংলা সিনেমাকে ছাড়পত্র দিয়েছে, যার দুটি মুক্তি পেয়ে গেছে। পাঁচটি ইংরেজি সিনেমার পাশাপাশি জাপানি দূতাবাসের মাধ্যমে তারা চারটি জাপানি ভাষার সিনেমাকেও সেন্সর সনদপত্র দিয়েছে।
