২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দাবাং’ থেকে ‘বাজরাঙ্গি ভাইজান’: ফিরছেন পুরোনো সালমান ?

এই মুহূর্তে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকাদের একজন সালমান খান। আর নিজেকে এই উচ্চতায় নিয়ে যেতে গত কয়েক বছরে সালমানকে সাহায্য করেছে তার অভিনীত অ্যাকশন সিনেমাগুলো। কিন্তু ‘দাবাং’ খান আবারও ভোল পাল্টাতে চলেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 01:03 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

২০০০ সালের পর থেকে অনেকটা সময় সালমানের ক্যারিয়ারে চলছিল হিটের খরা। সেই দুঃসময়ের চক্র থেকে সালমান বেরিয়ে আসেন ২০০৯ সালের অ্যাকশন সিনেমা ‘ওয়ান্টেড’ দিয়ে। পরের বছরগুলোতেই ‘দাবাং’( ২০১০), ‘রেডি’(২০১১), ‘বডিগার্ড’(২০১১), ‘এক থা টাইগার’ (২০১২), ‘দাবাং টু’ (২০১২), ‘জয় হো’ (২০১৪) এবং ‘কিক’ (২০১৪) -এর মতো অ্যাকশন সিনেমার ধারাবাহিকতায় ফিরেছেন কক্ষপথে।  তখন থেকেই সালমান তার ভক্তদের কাছে পরিচিত হয়ে উঠেছেন অ্যাকশন হিরো হিসেবে।

সেই সালমানই এখন অভিনয় করছেন অন্যরকম চরিত্রে। মুক্তির অপেক্ষায় থাকা তার দুই সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’ এবং ‘প্রেম রাতান ধান পায়ো’তে নেই অ্যাকশনের ঘনঘটা। তার বদলে আছে অন্যরকম গল্পে সালমানের অন্যরূপে আবির্ভাবের প্রচেষ্টা।

কেন এমনটা করছেন সালমান? উত্তরে বাণিজ্য বিশ্লেষক তারান আদার্ হিন্দুস্তান টাইমসকে বলেন, “আপনি প্রতিদিন একই তরকারি খেতে পারেন না। আপনি অবশ্যই চাইবেন না দর্শকরা সিনেমা হল থেকে বেরিয়ে এসে বলুক, আরে! এটা তো আগের মতোই ছিল। তাছাড়া মানূষ এখন সিনেমার টিকেট কাটতেই ৩০০ থেকে ৪০০ রুপি খরচ করছে।”

অন্যদিকে পরিবেশক আকশায় রাথি মনে করছেন, সালমান তার ক্যারিয়ারের শুরুর দিককার রূপেই ফিরে যেতে চাইছেন।

“তার ক্যারিয়ারের শুরুর সময়টাতে ‘ম্যায়নে পেয়ার কিয়া’(১৯৮৯), ‘হাম আপকে হ্যায় কৌন’(১৯৯৪)-এর মতো বড় হিট সিনেমায় তাকে দেখা গেছে পাশের বাড়ির ছেলেটির রূপে। সুতরাং, তার পরের সিনেমাগুলোয় তিনি আসলে নতুন কিছু করছেন না; তিনি কেবল সেটাই করছেন, যেটা তিনি করেছেন অতীতে। “

আকশায় আরও বলেন, বয়সের সঙ্গে সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় কষ্টসাধ্য হওয়াটাও এ ধরনের সিনেমা থেকে সরে আসার আরেকটা কারণ হতে পারে।

“আমরা যতোই খানদের (সালমান, শাহরুখ, আমির) ভালবাসি না কেন, তাদের বয়স এখন পঞ্চাশের ঘরে। সুতরাং বিশেষ ধরনের অ্যাকশন দৃশ্যে অভিনয় তাদের জন্য এখন কঠিন। আর এই বয়সে গাছের আশেপাশে দৌড়ানোটাও তাদের জন্য হাস্যকর হবে।”

অনেকে আবার মনে করছেন, বয়সের সঙ্গে তাল মিলিয়ে চরিত্র নির্বাচন করে সালমান বুদ্ধিমানের কাজ করেছেন। বাণিজ্য বিশ্লেষক আমোদ মেহরা বলেন, অন্য অভিনেতাদের মতো বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয় করতে না চেয়ে রূপালি পর্দা থেকে সরে যাওয়ার বদলে সালমান নিজের সঙ্গে যায়- এমন চরিত্র বাছাই করে দুরদর্শিতার পরিচয় দিয়েছেন।  তার ভাষ্যে, “দর্শকেরাও এখন অভিনেতাদের ভিন্নধর্মী চরিত্রে দেখতে অভ্যস্ত হয়ে গেছে।