২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও শ্বেতাঙ্গ স্পাইডার-ম্যান

অবশেষে মারভেলের তরফ থেকে নতুন স্পাইডার-ম্যানের ঘোষণা এল। অ্যান্ড্রু গারফিল্ডের পর এবার স্পাইডার-ম্যান হতে যাচ্ছেন আরেক ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 03:21 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

নতুন স্পাইডার-ম্যান সিনেমা আসছে ২০১৭ সালের ২৮ জুলাই। তবে আর আগেই 'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার'-এ আবির্ভূত হতে যাচ্ছেন স্পাইডার-ম্যানরূপী হল্যান্ড।

মারভেলের বাকি সুপারহিরোদের সবার বয়স যেখানে ত্রিশের ওপরে, সেখানে টম হল্যান্ডের বয়স মাত্র ১৯। রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভানস আর অ্যান্থনি ম্যাকিদের সামনে অতিমানব হিসেবে এই নতুন মুখ কতোটা গ্রহনযোগ্যতা পাবে তা নিয়ে অঙ্ক কষা শুরু হয়ে গেছে।

ওদিকে শোনা যাচ্ছিল এবার ভিন্ন বর্ণের কাউকে দেখা যেতে পারে স্পাইডারম্যান হিসেবে। কিন্তু তা গুজবই রয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন ভক্ত।

টুইটারে একজন লেখেন, "আবারও একজন হাড্ডিসার শ্বেতাঙ্গকে দেখতে হবে স্পাইডারম্যান হিসেবে? খুবই ভালো খবর!"

আরেকজন টুইটার ব্যবহারকারীর অভিমত ছিল, "আর কত শ্বেতাঙ্গ স্পাইডারম্যান দেখবো আমরা?'

ওদিকে স্পাইডারম্যানের গায়ের রং কিংবা যৌনজীবনের কোনো পরিবর্তন আনার পক্ষপাতী নন এই সুপারহিরোর স্রষ্টা স্ট্যান লি। জানালেন, স্পাইডারম্যানকে তার মতোই থাকতে দেয়া উচিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "পিটার পারকার সব সময়ই সাদা ছিলেন, তিনি সমকামী নন। তিনি যদি প্রথম থেকেই কৃষ্ণাঙ্গ হতেন তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু একটি প্রতিষ্ঠিত চরিত্রকে পরিবর্তন করার কোন প্রয়োজন আমি দেখি না।'