২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের বিরুদ্ধে নতুন মামলা

নতুন করে আইনি ঝামেলায় জড়ালেন ভারতীয় অভিনেতা সালমান খান। ২৫০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 05:26 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, সালমানের বিরুদ্ধে এই মামলা করেছেন বিজয় গিলানি নামের এক প্রযোজক। যিনি ২০১০ সালে মুক্তি পাওয়া সালমানের সিনেমা ‘ভির’ প্রযোজনা করেছিলেন।

গিলানির অভিযোগ, চুক্তিতে রাজি হবার পরও বাড়তি অর্থ চাইছেন সালমান।

সূত্র বলছে, ‘ভির’ সিনেমা সই করা বাবদ ১০ কোটি রুপি দেওয়া হয় সালমানকে। তখন গিলানির সঙ্গে এক চুক্তিপত্রে স্বাক্ষর করেন সালমান। চুক্তিতে বলা হয়, যদি সিনেমাটি ভালো ব্যবসা করে নির্মাণ খরচ উঠিয়ে নিতে পারে, তাহলে লভ্যাংশ থেকে সালমানকে দেয়া হবে আরও ১৫ কোটি রুপি।

কিন্তু জেরিন খানের বিপরীতে অভিনীত সালমানের সেই সিনেমাটি বক্স-অফিসে মুখ থুবড়ে পড়ে। কাজেই সালমানকে আর ১৫ কোটি রুপি দেননি গিলানি। এতে চটে যান সালমান।

গিলানি জানান, সালমান তাকে আনুষ্ঠানিকভাবে একটি নোটিশ পাঠিয়ে বাকি পারিশ্রমিক দাবী করেন। তিনি তা দিতে রাজি না হলে সালমান শরণাপন্ন হন দ্য সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের।

গিলানির পক্ষেই সমঝোতা করে প্রতিষ্ঠানটি। এরপর সালমান অভিযোগ নিয়ে যান দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এ্যাসোসিয়েশনের কাছে। প্রতিষ্ঠানটি থেকে গিলানির বিরুদ্ধে ‘অসহযোগিতামূলক ব্যবহার’-এর অভিযোগ আনা হয়।

অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছেন গিলানি। তিনি জানিয়েছেন, চুক্তিপত্রে সই করার পরও কেন তাকে এভাবে হয়রানি করছেন সালমান, তা জানতে চেয়েছেন আদালত। সম্প্রতি আদালত ডেকে পাঠিয়েছেন সালমানের প্রতিনিধিকে।

আইনি ঝামেলার কারণে বরাবরই শিরোনাম হচ্ছেন সালমান। মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হবার পর এখন জামিনে রয়েছেন তিনি। এছাড়াও তার মাথার উপর ঝুলছে বন্যপ্রাণী শিকার এবং অবৈধ অস্ত্র পরিবহনের মামলা।