২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার 'ভুতুড়ে বাড়ি' নিয়ে সিনেমা

কলকাতার রবিনসন স্ট্রিটের একটি বাড়িতে থাকতেন দে পরিবারের তিন সদস্য। একদিন সেই বাড়ির জানালা দিয়ে কাল ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশিরা পুলিশ ডেকে আনলে বেরিয়ে আসে রহস্যময় ঘটনার জাল। বাড়ি থেকে উদ্ধার হয় পরিবারের কর্তার পুড়ে যাওয়া লাশ, তার মৃত মেয়ে এবং পোষা কুকুরের কঙ্কাল, আর মানসিকভাবে বিকারগ্রস্ত চল্লিশোর্ধ্ব ছেলে। দে পরিবারের এই রহস্যময় ঘটনা নিয়ে এবার সিনেমা তৈরি করবেন টালিগঞ্জের নির্মাতা ঋতব্রত ভট্টাচার্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 08:01 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

চলতি মাসের ১১ তারিখ দে পরিবারের বাড়ি থেকে কাল ধোঁয়া উড়তে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। বাড়ির একটি বাথরুম থেকে উদ্ধার করা হয় ৭৭ বছর বয়সী অরবিন্দ দের পুড়ে যাওয়া দেহাবশেষ। বাড়ির একটি ঘর থেকে উদ্ধার করা হয় নতুন তার মেয়ে দেবযানী দের পোশাকে জড়ানো কঙ্কাল। আরেকটি ঘরে পাওয়া যায় দুই থলে ভর্তি ল্যাব্রাডর কুকুরের কঙ্কাল।

বাড়ির একমাত্র জীবিত সদস্য পার্থ দের কাছ থেকে পুলিশ জানতে পারে, তাদের পোষা কুকুর গত বছরের আগস্টে মরে যাওয়ার পর থেকেই বিষণ্ণতায় ভুগতে শুরু করেন দেবযানী। কুকুরের মৃতদেহের সৎকার করতে চাননি তারা। ফলে বাড়ির ভেতরেই রেখে দেওয়া হয় লাশ। দেবযানী মারা যান ডিসেম্বরে। তখন থেকে বোনের মৃতদেহের সঙ্গে বসবাস করছেন একটি সফ্টওয়্যার কোম্পানির সাবেক কর্মকর্তা পার্থ। 

নিজের বাবাকে বোনের মৃত্যুর খবর চলতি বছরের এপ্রিলে দেন পার্থ। তখন থেকে অরবিন্দ নিজেও বিষণ্নতায় ভুগছিলেন বলে জানান তিনি। তবে মেয়ের মৃতদেহ যে বাড়িতেই রয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। অবশেষে নিজের দেহে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন তিনি। বাড়ি থেকে বেশ কিছু ডায়েরি, খাতা এবং অনেক চিরকুটও উদ্ধার করেছে পুলিশ, যার অনেকগুলোতেই পার্থ দের মানসিক বৈকল্য এবং যৌনতা নিয়ে অবদমনের বিষয়টি স্পষ্ট ফুটে ওঠে। বেশ কিছু চিরকুট থেকে পার্থর মার সঙ্গে তার সম্পর্কের টানাপড়েনের নজির পাওয়া গেছে। তিনি এমন্ও লিখেছেন যে, তার মা তাকে নপুংসক মনে করতেন। আরেকটি চিরকুটে তিনি লিখেছেন দেবযানী তার সঙ্গে শারীরিকভাবে ঘণিষ্ট হওয়ার চেষ্টা করেছিলেন।     

রহস্যজনক এই ঘটনা আবিষ্কারের পর থেকেই সাড়া পড়ে গেছে কলকাতাজুড়ে। বিভিন্ন স্থান থেকে মানুষ আসছেন বাড়িটি দেখতে। কলকাতার গণমাধ্যমে এর মধ্যেই ‘রবিনসন স্ট্রিট হরর হাউজ’ এবং ‘হিচকক হাউজ’ নামে পরিচিতি পাওয়া দে বাসভবনকে পেছনে রেখে নিয়মিতই সেলফি তুলতে দেখা যাচ্ছে উৎসাহী জনতাকে। 

ঋতব্রত ভট্টাচার্যের সিনেমায় অরবিন্দ দের ভুমিকায় অভিনয় করবেন বিশ্বজিৎ চক্রবর্তী। তার মেয়ে দেবযানীর ভূমিকায় অভিনয় করবেন তনুশ্রী চক্রবর্তী। তবে পার্থ দের ভূমিকায় কে অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি।

নিজের সিনেমা বিষয়ে ঋতব্রত টাইমস অফ ইন্ডিয়াকে বলেন,  “আমি একজন অপরাধবিষয়ক সংবাদদাতা ছিলাম; কিন্তু আমার ক্যারিয়ারে কখনও আমি এমন কোনো ঘটনা দেখিনি যেখানে যৌনতা এবং আধ্যাত্মিকতা পাশপাশি অবস্থান করছে। দে পরিবারের সবাই উচ্চশিক্ষিত ছিলেন। তারা থাকতেনও কলকাতার অভিজাত এলাকায়। তারা গল্ফ খেলতেন, বিদেশে যেতেন এবং তারপরও খুবই আধ্যাত্মিক ছিলেন। আমার কাছে পুরো ব্যাপারটাই ভিক্টোরীয় আমলের কোনো ঘটনা মনে হয়েছে।”

ঋতব্রত এরমধ্যেই চিত্রনাট্য লেখার কাজে হাত দিয়েছেন, তবে অপেক্ষা করছেন রহস্যের জট খোলার। তাহলে সিনেমার একটি যথার্থ সমাপ্তি টানতে পারবেন তিনি।  

দেবযানীর চরিত্রে তনুশ্রী চক্রবর্তকে নেওয়ার কারণ হিসেবে তিনি জানান, “আমার এমন কাউকে দরকার ছিল, যিনি সংবেদনশীল হবেন, কিন্তু একই সঙ্গে ভঙ্গুরও হবেন। তিনি (তনুশ্রী) এর উপযুক্ত।”