'চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায়'
যৌন হয়রানির বিরুদ্ধে আবারও মুখর হল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হল যৌন নিপীড়ন বিরোধী কনসার্ট ‘চিৎকার কর মেয়ে, দেখি কতদূর গলা যায়’।
মাত্র দুদিন আগেই যৌন নিপীড়নবিরোধী কনসার্ট আয়োজক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রথম কনসার্ট। প্রায় ১৬টি ব্যান্ডের পারফরম্যান্সে উচ্চারিত হয় নারীদের প্রতি যৌন হয়রানি রুখে দাঁড়ানোর বাণী। সেই ধারাবাহিকতায় গতকালের কনসার্টটিও ছিল যৌন নিযর্াতনের বিরুদ্ধে দৃপ্ত উচ্চারণে সরব।
বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া কনসার্টে তখনও জনসমাগম ততটা ঘটেনি । ক্যাম্পাসের তরুণ-তরুণীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। বৃষ্টিতে কনসার্ট পণ্ড হবার আশংকাও ছিল। সৌভাগ্যই বলতে হবে, বৃষ্টি আর দেখা দেয়নি।
কনসার্ট শুরু হয় ব্যান্ড ‘অর্জন’ এর পারফরম্যান্সে। যৌন নিপীড়নবিরোধী এই কনসার্টের যে মূল মন্ত্র, সেটিই তারা জানিয়ে দিল ‘চিৎকার কর মেয়ে’ গানটি দিয়ে। এছাড়াও তারা গাইলেন ‘তোমার আঁধার ঢেকে গেছে’ আর ‘বাংলাদেশ’ গান দু’টি। এরপর মঞ্চে এল ব্যান্ড ‘দুর্গ’। জেমসের ‘আমার সোনার বাংলা’ এবং পপ সম্রাট আজম খানের ‘বাংলাদেশ’ গান দুটি গেয়ে দর্শকদের উজ্জ্বীবিত করে তুললো ব্যান্ডটি। নিজেদের মতো করেই তারা গাইলো এবং দর্শকদের গাওয়ালো দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধন ধান্য পুষ্প ভরা’ গানটি। এরপর যন্ত্রানুষঙ্গে জাতীয় সংগীতের পরিবেশনা।
সমাজে নারীদের অবস্থান দৃঢ় করার দাবী উঠে এলো তাদের কণ্ঠে, “যেদিন সমাজে নারীকে মানুষ রূপে দেখা হবে, সেইদিনই তাদের মুক্তি মিলবে।”
‘তোকে গান শোনাবো’ আর ‘বীরেন’ গানটির মাধ্যমে আদিবাসীদের উপর চলতে থাকা নির্যাতনের কথনও উঠে এল। নারীদের বিরুদ্ধে যৌন নির্যাতন প্রতিরোধ এবং আদিবাসীদের অধিকার আদায়ের দাবীর আওয়াজ তুলে মঞ্চ ছাড়লো ‘মাদল’। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত।
সাতটা বাজার কিছুক্ষন আগে স্টেজে উঠলো ‘জলের গান’। দর্শকদের তুমুল করতালি আর চিৎকারে চাঙ্গা হয়ে উঠলো টিএসসি এলাকা। ‘জলের গান’ তাদের পরিবেশনা শুরু করল ‘বকুল ফুল’ এবং ‘ঝরা পাতার গান’ দিয়ে।
গান শেষে রাহুল আনন্দ বলেন, “গান তো সবাই একসাথে গলা ছেড়ে গাইতে পারেন, যৌন নির্যাতনের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করতে পারবেন কি?”
“যেখানেই হোক যৌন নির্যাতন, হোক সেটা আমাদের সবার টিএসসি কিংবা অন্য কোনো স্থান, সেখানে কি হবে?”- এই প্রশ্নের জবাবে দর্শকরাও সমস্বরে চিৎকার করে জানান দেয়- “পাল্টা আঘাত।” এই প্রতিবাদকে স্বাগত জানিয়ে তারা পরিবেশন করলেন ‘জাগো বাহে, কোণ্ঠে সবাই’। ‘এক কাপ চা’ আর ‘বন্ধু’ গান দুটি দিয়ে শেষ হল জলের গানের পরিবেশনা।
এরপরই মঞ্চে দেখা গেল সহজিয়াকে। ‘অপেক্ষা’ গানটি দিয়ে শুরু করার পর তারা গাইলেন ‘শবনম’ এবং ‘রংমিস্ত্রী’ গান দুটি। সহজিয়ার ভোকাল রাজুর কণ্ঠেও উচ্চারিত হলো যৌন নিপীড়কদের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদের বাণী। ‘সহজিয়া’ যখন মঞ্চ থেকে নামলো, তখন প্রায় রাত আটটা। উৎসুক জনতার ভিড় ততক্ষণে কলাভবন মোড় ছাড়িয়ে গেছে।
এরপর গান পরিবেশন করতে আসলেন সিনহা এবং তার গানের দল। দর্শকদের উদ্দেশ্যে তিনি বললেন, “স্কুলে লাস্ট বেঞ্চে যারা বসতো, তারাই পরে সব কিছুর প্রতিবাদে এগিয়ে আসে। আপনারা এখানে যারা আছেন তারা সবাই লাস্ট বেঞ্চার, কারণ সবাই এখানে যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছেন।” এরপর গাইলেন ‘লাস্ট বেঞ্চ’ আর ‘লেফট রাইট’ গান দুটি।
এসেছিল শিরোনামহীও। কিন্তু ভোকাল তুহিনের মা অসুস্থ থাকায় দুটি গান করেই তারা মঞ্চ থেকে নেমে যান। তুহিন যাওয়ার আগে বলে গেলেন, “এই টিএসসি থেকেই সকল বিপ্লব, সকল প্রতিবাদী কণ্ঠগুলো উঠে এসেছে। যৌন নিপীড়কদের বিরুদ্ধে প্রতিবাদটাও গড়ে উঠুক এখান থেকেই।” ‘বৃষ্টি কাব্য’ আর ‘বন্ধ জানালা’ গান দুটি গেয়ে দর্শককে মুগ্ধ করেছে ‘শিরোনামহীন’।
‘চিৎকার’ মঞ্চে উঠলো এরপর। ততক্ষণে রাত দশটা বাজে। ‘রাত যায়’, ‘হাতে হাত’ আর ‘এখন ভাংচুরের সময়’ শোনায় তারা।
সময় না থাকায় ‘গানপোকা’ তড়িঘড়ি করে ‘আমার হৃদয়পিঞ্জিরার পোষা পাখি’ এবং ‘নদী’ গানটি করেই পরিবেশনা শেষ করে। ততক্ষণে ঘোষণা এলো, ‘আরবোভাইরাস’ মঞ্চে উঠবে। রাত সাড়ে দশটা বাজলেও শ্রোতাদের আগ্রহের কমতি ছিলনা।
মঞ্চে উঠেই ‘আরবোভাইরাস’ গাইলো তাদের ‘শহর’ গানটি। ‘জ্বালো আগুন জ্বালো’ গানটির সঙ্গে গলা মেলালেন শ্রোতারাও। এদিকে ব্যান্ডটির গিটারিস্ট রঞ্জনের ঝাঁঝালো কণ্ঠে ক্ষোভ আর রুখে দাঁড়ানোর মন্ত্র, “যারা এরকম ঘৃণ্য কাজ করে, তাদের সংখ্যা নিতান্তই কম। এইরকম ছোটলোক, বাটপার গোষ্ঠীর অমানুষদের যেন আমাদের আর কখনোই দেখতে না হয়।” এই মন্তব্যের রেশ রইলো তাদের ‘অমানুষ’ গানেও। ‘হারিয়ে যাও’ আর ‘রোদের কিনারা’ গান দুটি দিয়েই শেষ হলো ব্যান্ডটির পরিবেশনা। যৌন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হবার মন্ত্র নিয়ে তখন ঘরমুখী হতে শুরু করে জনতা।
