আবারও পেছালো সালমানের শুনানির তারিখ
আবারও পেছালো ভারতের মুম্বাইয়ে গাড়ি চাপা মামলার চূড়ান্ত রায়ের বিরুদ্ধে অভিনেতা সালমান খানের আপিলের শুনানির তারিখ। মুম্বাই উচ্চ আদালত ১ জুলাই পর্যন্ত শুনানি স্থগিত করেছে।
বিচারক এ আর জোশিকে সালমানের আইনজীবী অমিত দেসাই জানান, তাদের মামলার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হয়নি এবং কবে নাগাদ এটি তৈরি হবে, সে ব্যাপারেও তারা নিশ্চিত নন।
বিবাদী পক্ষের আইনজীবী সান্দিপ শিন্ডেও এ ব্যাপারে কোন আপত্তি জানাননি। ফলে জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত শুনানির তারিখ পেছানো হয়।
এর আগে ১৩ বছর ধরে চলতে থাকা মুম্বাই গাড়ি চাপা মামলার চূড়ান্ত রায়ে সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের এক নিম্ন আদালত। সালমান এই রায়ের বিরূদ্ধে আপিল করলে ৮ মে সে রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে উচ্চ আদালত। তখন থেকে জামিনে মুক্ত আছেন সালমান। এমনকি আদালতের অনুমতি নিয়ে দুবাইয়ে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও যোগ দেন তিনি।
