২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ কনসার্ট লজ্জার, এ কনসার্ট প্রতিবাদের’

দেশব্যাপী নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনায় চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হয়ে গেল যৌন নিপীড়নবিরোধী কনসার্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 03:50 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

কনসার্টে অংশ নিয়েছিল দেশের সেরা ব্যান্ড দলগুলো। গানে গানে যৌন নিপীড়কদের বিরুদ্ধে ঘৃণা জানানোর পাশাপাশি প্রতিবাদী তরুণদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তারা।

বিকাল সাড়ে চারটায় কনসার্ট শুরু হয় বৃষ্টির বাধা এড়িয়ে। অনুষ্ঠানের অন্যতম আয়োজক নারী নেত্রী খুশী কবির যখন মঞ্চে উঠলেন, তখন টিপটিপ বৃষ্টিতে ভিজছে টিএসসি। মা-বোন কিংবা প্রেমিকার সব অপমানের জবাব দিতে তরুণরা আসছিলেন সদলবলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘরে ফেরার কথা ভুলে গিয়ে বৃষ্টি মাথায় বসে পড়লেন টিএসসির পিচ ঢালা পথে।

কলেজপড়ুয়া ছাত্রীদের একাধিক দলকে দেখা গেল কনসার্টে অংশ নিতে। বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীরাও বাদ যাননি। রাজু ভাস্কর্য চত্বর যেন জনসমুদ্র।

কনসার্ট শুরু হওয়ার আগে খুশী কবির বলেন, “স্বাধীন দেশে এ কোন অসভ্যতা! আমরা কি সত্যি মুক্তিযুদ্ধের চেতনায় সভ্য দেশে বাস করছি? আমরা নর-নারীরা পাশাপাশি হাঁটবো, কাজ করবো, আনন্দ করব। আমাদের নিরাপত্তার দায়িত্ব শুধু সরকারের নয়, এ দায়িত্ব আমাদের সকলের।”

পুরুষদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা কখনও বলতে চাই না সব পুরুষ ধর্ষক। কখনও ঢালাওভাবে পুরুষদের বলতে চাই না, তোমরা নিপীড়ক। আজকের এই কনসার্ট প্রতিবাদের। হায়েনাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা সম্মিলিতভাবে লড়তে চাই।”

কনসার্টের শুরুতেই মঞ্চে আসে বিশ্ববিদ্যালয়ের তরুণদের নিয়ে গড়া ফোকধর্মী ব্যান্ডদল গানপোকা। তারা গাইলো ‘আমার হৃদয়পিঞ্জিরার পোষা পাখিরে’ এবং ‘ও নদী’ গান দুটি। তাদের গানের পরই নেমে এল ঝুম বৃষ্টি। এর আগে একবার বৃষ্টির বাধায় কনসার্ট বাতিল হয়েছে। আয়োজকরা তো বটেই, শ্রোতারা্ও যেন নাছোড়বান্দা। বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে অনুষ্ঠানের সঞ্চালক গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী শাম্মী আখতারকে জানিয়ে দিলেন, “অনুষ্ঠান চলতেই হবে। থামা যাবে না।” দর্শকের ঢল তখন টিএসসি চত্বর ছাড়িয়ে কলাভবনের দিকেও চলে গেছে।

এরপর মঞ্চে উঠলেন কণ্ঠশিল্পী সায়ান। বরাবরই প্রতিবাদী সায়ান ছোটবেলায় তার উপর ঘটে যাওয়া নিপীড়নের কথা শোনালেন অকপটেই। দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন, “যৌন নিপীড়নের কথা কি লুকিয়ে রাখতে হবে পরিবার বা সমাজের ভয়ে?” তরুণী দর্শকরা উত্তর দিল, “কখনো না।”

গাইবার আগে সায়ান বললেন, “এই যে ভয় পাওয়া ব্যাপারটি, তা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে, ঢুকে পড়েছে আমাদের ক্রোমোজোমে। ছোট থেকেই মেয়েদের উপর যৌন নিপীড়ন হলে তা চেপে যেতে বলে মা। সমাজ, সংসারের ভয়ে চুপ করে বসে থাকলে নিপীড়ন কখনো বন্ধ হবে না।”

‘দাও মেলে দাও পাখনা’ গানটির মাধ্যমে শুরু করে সায়ান একে একে গাইলেন ‘মা যদি কয়’, ‘কন্যাদায়ে জননী’, ‘শাসনের সুর’ এবং ‘সাহস করো মা বোনেরা’।

এরপর শাম্মী ঘোষণা দিলেন, “মঞ্চে আসবেন তাহসান”। দর্শকের ঢল তথন সীমানা ভেদ করে চলে এল মঞ্চের কাছে। তাহসান বললেন, “আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই বিশ্ববিদ্যালয় এলাকাতেই মা-বোনের উপর ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে। আমি বসে থাকতে পারিনি, আমি তরুণদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছি এখানে।”

দিনের আলো তখন নিভতে শুরু করেছে একটু একটু করে। তরুণদের সঙ্গে তাহসান শুরু করলেন ‘ঈর্ষা’ গানটি। তারপর গাইলেন এ বছরের অন্যতম আলোচিত গান ‘তুমি ছুঁয়ে দিলে মন’। ঠিক সন্ধ্যে নামার আগে তাহসান শোনালেন ‘আলো’ গানটি।

যাওয়ার আগে তাহসান বলে গেলেন, “প্রকৃত পুরুষ কখনও নিপীড়ন করে না। তারা জানে, নারীকে কিভাবে সম্মান দিতে হয়। নারীকে আমরা মা, বোন কিংবা ভালোবাসার মানুষ যেভাবেই দেখি না কেন, আমরা সবাই তাদের সম্মান জানাবো।”

তাহসানের পর সঞ্চালক মঞ্চে ডাকলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লুবনা জেবিনকে। এক ছাত্র কর্তৃক নিপীড়ত এই শিক্ষকও সায়ানের মতো বললেন, “যৌন নিপীড়নের ঘটনা লুকিয়ে রাখা ঠিক না।”

যৌন নিপীড়ক ছাত্রটির বিরুদ্ধে মামলা দায়েরের পর পরিবারের তরফ থেকে মামলা তুলে নিতে ‘বারবার অনুরোধ’ করা হলেও এতটুকু টলেননি লুবনা। দৃঢ় কণ্ঠে বললেন, “নিপীড়কদের পারিবারিকভাবে আশ্রয় দিলে সমাজে নিপীড়কদের সংখ্যা ক্রমশ বাড়তেই থাকবে। আমি কোনো ভয়-ভীতিতে পিছপা হব না।”

গানের দল গায়েনের ‘মা গর্ভধারিণী মা’ ও ‘দেশপ্রেমিক’ গানের পর মঞ্চে এলেন ওল্ড স্কুলের মোবাশ্বের চৌধুরী। মোবাশ্বের গাইলেন, ‘তুমি আর নেই সেই তুমি’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘আকাশ এত মেঘলা’, ‘আজ রাতে কোনো রূপকথা নেই’।

প্রবাসফেরত আরমিন মুসা এসে বললেন, “মা-বোন কিংবা নারী হিসেবে নয়, সবার আগে তো আমি একজন মানুষ। আমাকে মানুষ হিসেবে সম্মান দেওয়া যায় না?”

আরমিন মুসা ব্যান্ড পরিবেশন করলো ফোকধর্মী ‘ভ্রমর কইও গিয়া’ ও ‘ঘুম’ গানটি।

আরমিনের পর কৃষ্ণকলি এলেন মঞ্চে। তিনি বললেন, “ভালোবাসার পৃথিবীতে আমরা নর-নারী একে অপরকে সম্মান দেবো।”

তার অভিযোগ, স্কুলে-কলেজে যৌন নিপীড়নবিরোধী কমিটিগুলো ‘ঠিকমতো’ কাজ করছে না, যার ফলে যৌন নিপীড়নের সঠিক তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে না। এই তথ্য উপাত্তগুলো পেলেই যৌন নিপীড়কদের বিরুদ্ধে বিচার বিভাগ আরও বেশি কার্যকর হতো বলেও মনে করছেন তিনি।

একটি সাওতালি গান পরিবেশনার পর তিনি গাইলেন, ‘ইচ্ছে মতো রোদ জ্বলে যায়’। 

আদিবাসি ব্যান্ডদল মাদল গাইল ‘ওরে মাদল বাজে’, ‘কনেকুমারী গান শোনাব।”

এরপরই মঞ্চে এল ব্যান্ডদল শিরোনামহীন। শিরোনামহীনের ভোকাল তুহিন বললেন, “আমরা গান গেয়ে মানুষকে আনন্দ দেই। কিন্তু আজ এমন একটি কনসার্টে এসেছি আমরা, যেখানে গান গেয়ে যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। একজন পুরুষ হিসেবে এ বড় লজ্জ্বার!”

‘পাখি’ গানটির মাধ্যমে শুরু হয় শিরোনামহীনের পরিবেশনা। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত নামছে ঢাকার আকাশে। কনসার্টেও বাড়ছে ভিড়। রাজু ভাস্কর্য চত্বরে তিল ধারণের ঠাঁই নেই তখন। তারপরই তারা গাইলেন ‘রোদ’ এবং ‘ইচ্ছে ঘুড়ি’ গানটি। সবশেষে তারা পরিবেশন করলেন ‘হাসিমুখ’ গানটি।

শিরোনামহীন যখন মঞ্চ থেকে নামল ঘড়ির কাঁটায় বাজছে দশটা। তখন সত্যিই ঘরে ফেরার তাড়া ছিল। মঞ্চে ওঠা বাকি ছিল সভ্যতা-সন্ধি, বাউল এক্সপ্রেস, রাহুল-কণকের জলের গান, মিনার্ভা, সহজিয়া ব্যান্ডগুলোর।

ফেরার পথে নর-নারী চলছিল পাশাপাশি। নিপীড়কদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ভোরের অপেক্ষায় তারা।

ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম