২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠুনের নায়িকা তুষ্টি 

যুক্তরাজ্য প্রবাসী নির্মাতা রুহুল আমিনের ‘হাছন রাজা’ সিনেমায় ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করলেন বাংলাদেশি অভিনেত্রী তুষ্টি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইমতিয়াজ হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 08:13 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, ‘‘হাছন রাজার মত ব্যক্তিত্বকে নিয়ে সিনেমা, সেই সঙ্গে কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিপরীতে নায়িকা হওয়া। সব মিলিয়ে এটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মত।”

মিঠুনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে আরও বললেন, “মিঠুন চক্রবর্তী নিজেই অভিনয়ের পাঠশালা। তার দক্ষ অভিনয়শৈলীর কথা কে না জানে? এমন একজন দিকপাল অভিনেতার সঙ্গে অভিনয় করতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে। তার কাছ থেকে অভিনয়ের খুঁটিনাটিসহ অনেক কিছুই শেখার সৌভাগ্য হয়েছে আমার। এজন্য পরিচালককে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো, তার মতো কিংবদন্তির বিপরীতে আমাকে অভিনয়ের সুযোগ প্রদানের জন্য।”

বাংলাদেশের সুনামগঞ্জ ছাড়াও কলকাতা, বেঙ্গালুরু, মহীশুর, হাসনাবাদ ও ইছামতী নদীর ধারে দৃশ্যায়িত এ সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী তুষ্টি। তার ‘দৃঢ় বিশ্বাস’ সিনেমাটি শতভাগ দর্শকের মন জয় করবে।

ঢাকাই চলচ্চিত্র এবং টালিগঞ্জের কাজের সাদৃশ্য নিয়ে প্রশ্ন তুলতেই তুষ্টি একবাক্যে বললেন, ‘‘টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সবাই আমাদের ইন্ডাস্ট্রি থেকে অনেক বেশি পেশাদার, যেটা ওদের কাজের ঢং আর কাজের প্রতি শ্রদ্ধাবোধেই ফুটে ওঠে। তবে, কোনোভাবেই আমি আমার দেশীয় ইন্ডাষ্ট্রিকে ছোট করে দেখিনা। কারণ, আমরাও সিনেমা নির্মাণে সমৃদ্ধ, যার স্বাক্ষী আমাদের অতীতের সিনেমাগুলো। বর্তমানেও পরিচালকরা ভালো সিনেমা নির্মাণে এগিয়ে আসছেন, ভালো সিনেমা বানাচ্ছেন। অনেক সিনেমাই দেশের জন্য আন্তর্জাতিক সুনাম বয়ে আনছে।’’

স্বাধীনতার প্রথম পতাকা বহনকারী বীর মুক্তিযোদ্ধা মহিবুল ইসলামের কন্যা শামীমা তুষ্টি স্বপ্ন দেখেন বাবার মত দেশের জন্য, দেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কিছু করার। তাই অদূর ভবিষ্যতে নিজেকে রাজনীতির সাথে সম্পৃক্ত করার অদম্য ইচ্ছা আছে তার।

শামীমা তুষ্টি এখন সুমন আনোয়ারের ‘স্বর্ণলতা’, সাজ্জাদ সুমনের ‘ননস্টপ’, তারিক মুহাম্মদ হাসানের ‘ক্রাইম এন্ড পানিশমেন্ট’, সালাউদ্দিন লাভলুর ‘খড়কুটা’, আল হাজেনের ‘অলসপুর’, রুলীন রহমানের ‘মায়ার খেলা’, যুবরাজ খানের ‘প্রজ্ঞা পারমিতা’, মাসুদ মহিউদ্দীনের ‘নির্বিকার মানুষ’সহ বেশ কিছু ধারাবাহিক নাটকে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি করছেন পছন্দসই চরিত্রের খণ্ড নাটক ও চলচ্চিত্রের কাজও। খুব শিগগিরই চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন আরেকটি সিনেমাতে।

মডেলিংয়ের  মাধ্যমে আলোচনায় উঠে আসা তুষ্টি এ পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করেছেন। এগুলো হল ‘লাল সবুজ’, ‘নন্দিত নরকে’ এবং ‘স্বপ্নডানা’।  ‘হাছন রাজা’ তার চতুর্থ সিনেমা।