'হামারি আধুরি কাহানি'র খারাপ শুরু
এমরান হাশমি এবং বিদ্যা বালান অভিনীত নতুন সিনেমা 'হামারি আধুরি কাহানি' বক্স-অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। প্রথম দিনে সিনেমাটির আয় হয়েছে মাত্র ৫ কোটি ৪ লাখ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সমালোচকদেরকেও তেমন তুষ্ট করতে পারেনি পরিচালক মোহিত সুরির এই নতুন সিনেমা। সিনেমাটিকে ঘিরে অনেক প্রত্যাশা থাকলেও কাহিনি অতিরিক্ত টেনে নেয়ার কারণে সমালোচিত হয়েছে এটি।
তবে নিজেদের অভিনয় দক্ষতার জন্য প্রশংসা পেয়েছেন বিদ্যা, এমরান এবং রাজকুমার রাও।
'হামারি আধুরি কাহানি'র মাধ্যমে তৃতীয়বারের মত জুটি বেঁধেছেন বিদ্যা এবং এমরান। তবে 'ডার্টি পিকচার'-এর পর এখন পর্যন্ত দর্শক টানতে পারেনি তাদের জুটি।
চলতি বছর মুক্তি পাওয়া 'পিকু' এবং 'তানু ওয়েডস মানু রিটার্নস'-এর ব্যাপক সাফল্যের পর দর্শকের প্রত্যাশার পারদ অনেক উঁচুতে চড়ে গেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে অনেকেই ভাবছেন ভারতে এখন ছুটির মৌসুম চলার কারণে লোকজনকে হলমুখী করতে পারবে 'হামারি আধুরি কাহানি'।
১২ জুন মুক্তি পায় সিনেমাটি।
