'স্যান অ্যানড্রিয়াস': সিজিআই-এ মোড়ানো প্রোপাগান্ডা
অপ্রত্যাশিত প্রলয়ঙ্করী দুর্যোগ নিয়ে হলিউডে সিনেমার সংখ্যা নেহাতই কম নয়। সিজিআই (কম্পিউটার-জেনারেটেড ইমাজেরি)-এর খেলা সর্বস্ব এই সিনেমাগুলোতে মূলত শত বিপযর্য়ের মাঝেও মার্কিনীদের টিকে থাকা আর তাদের পারিবারিক বন্ধন অক্ষুন্ন রাখার একটি সরলৈরখিক গল্প তুলে ধরা হয়। 'স্যান অ্যানড্রিয়াস'ও ব্যাতিক্রম নয়।
পুরোনো বোতলে নতুন মদ
একটি ভেঙ্গে যাওয়া পরিবার, একটি অনাঙ্ক্ষিত দুর্যোগ আর সবাই মিলে টিকে থাকার চেষ্টা - এই গল্পকাঠামো আমরা দেখতে পেয়েছি 'টু থাউজ্যান্ড অ্যান্ড টুয়েলভ' সিনেমাতেও। ডিজাস্টার মুভি বা দুর্যোগভিত্তিক চলচ্চিত্রের এই ঘরানা সত্তরের দশকে দারুণ জনপ্রিয় ছিল। নব্বইয়ের দশকে সিজিআইয়ের দাপটে এই ঘরানা পুনুরুজ্জীবিত হয়।
'স্যান অ্যানড্রিয়াস' - এর মূল নায়ক ভূমিকম্প। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পে ধাপে ধাপে লণ্ডভণ্ড হতে দেখা যায় স্যান ফ্র্যান্সিসকোকে। রেয়মন্ড রেয় গেইন্স লস অ্যাঞ্জেলসের অগ্নি-নির্বাপক বিভাগের একজন উদ্ধ্বারকর্মী হেলিকপ্টার পাইলট। তার সাবেক স্ত্রী এমা এবং মেয়ে ব্লেইক ভূমিকম্পের জন্য আটকা পড়ে ফ্র্যান্সিসকো শহরে। এমাকে উদ্ধ্বার করা গেলেও ব্লেইকের কোনো খোঁজ নেই। বাবা-মা মিলে ব্লেইককে খুঁজে বের করার চেষ্টা করেন। ওদিকে মেয়েও নিজেকে জীবিত রাখা আর বাবাকে বার্তা পাঠানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে। এভাবেই এগিয়েছে সিনেমার কাহিনি।
কুস্তিগীর হিসেবে রেসলিং ম্যাটে দারুণ জনপ্রিয় ছিলেন ডোয়েইন 'দ্য রক' জনসন, যিনি বর্তমানে হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকাদের মধ্যে অন্যতম। সাধারণত সিনেমায় কেন্দ্রীয় চরিত্রগুলোর পেছনে ছায়া হয়ে থাকা ডোয়েইন ‘স্যান অ্যানড্রিয়াস’-এ ছিলেন কেন্দ্রীয় চরিত্রে, সাফল্যও ভালই পেয়েছেন। একজন দুঃসাহসী উদ্ধারকর্মী এবং অসহায় বাবা হিসেবে তাকে একেবারে ফেলে দেওয়া যায় না। তার পেশীবহুল দেহকে নানাভাবে প্রদর্শনের চেষ্টা করা হয়েছে, তবে অভিনয়ে তার দুর্বলতাগুলো চোখ এড়ায়নি। কাহিনির পট পরিবর্তনে তার চেহারায় গাম্ভীর্য ছাড়া তেমন কোনো অভিব্যক্তির প্রকাশ পুরো সিনেমাতে ঘটেনি। রেসলিং ক্যারিয়ারে একেক সময় একেক গিমিকে স্বচ্ছন্দ হলেও ১৩ বছরের সেলুলয়েড ক্যারিয়ারে, অভিনয়ের ব্যাপারে একটু পেছনের সারিতেই রয়েছেন তিনি। তবে পরিচালক ব্র্যাড পেইটনের স্বার্থসিদ্ধি হয়ে গেছে, কারণ সিনেমা ব্যবসাসফল।
বাকি কলাকুশলীদের মধ্যে রয়েছেন কারলা জুগিনো, আলেকজান্ড্রা ডাড্ডারিও, আইওয়ান গ্রোফাড, পল গিয়ামাত্তি, আর্চি পাঞ্জাবি, হুগো জনস্টন বার্ট, আরট পারকিন্সন প্রমুখ। ব্লেইক চরিত্রে ডাড্ডারিওর অভিনয় মানানসই, তবে সিনেমায় এত বিপদজনক অবস্থার মাঝেও তার সৌন্দর্যটাই ফুটিয়ে তোলার ‘আপ্রাণ’ চেষ্টা চালানো হয়েছে। পল গিয়ামাত্তি চরিত্র অনুযায়ী উতরে গেছেন। বাকিদের কারও অভিনয় উল্লেখ করার মতো নয়। তবে ব্যতিক্রম কিশোর অভিনেতা আরট পারকিন্সন। চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের আনন্দ দেবে।
গৎ বাঁধা দুর্যোগের সিনেমাগুলোর মতো এই সিনেমাতেও মার্কিনীদের ঘুরে দাঁড়ানোর একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। হাজারো বিপত্তির সম্মুখীন হয়েও দিনশেষে মার্কিনীরা জয়ী হবেই - এ বার্তা খানিকটা জোর করেই গেলানোর চেষ্টা ছিল পুরো সিনেমাজুড়ে। বহুতল ভবন ধসে হেলিকপ্টারের ইঞ্জিন বিকল হলেও সেটি তাই বিদ্ধস্ত হয় না। কিংবা পাঁচ মিনিটেরও বেশি সময়ে গভীর পানিতে ডুবে থাকলেও জনসন বেঁচে থাকেন অলৌকিকভাবে!
দৃশ্য এবং গল্পে অসঙ্গতি হাতে গোনাও এক পর্যায়ে কষ্টকর হয়ে ওঠে। সিনেমায় যেখানে হাজারে হাজারে মানুষ মরছে, সেখানে সিনেমার কেন্দ্রীয় চরিত্রগুলোর বার বার কোনো এক দৈব হস্তক্ষেপে বেঁচে যাওয়া দর্শকের ভ্রু কুঁচকে দেবেই।
ভূমিকম্প ভূমিকম্প খেলা
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল হল আলাস্কা। সেখানেই ১৯৬৪ সালেই সংঘটিত হয় মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ভূমিকম্প। সিনেমাতে ৯.৬ মাত্রার যে ভূমিকম্প দেখানো হয়েছে, সেটি আদপে সম্ভব নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যদি অলৌকিকভাবে কখনও এত মাত্রার ভূমিকম্প হয়ে যায়, তাহলে কেবল স্যান ফ্র্যান্সিসকো নয়, পুরো যুক্তরাষ্ট্রই ধ্বংস হয়ে যাবে। আরেকটি ভুল দৃশ্যায়ন এসেছে হুভার ড্যাম ধসিয়ে দেবার দৃশ্যটিতে। অন্তত ৯ মাত্রার ভূমিকম্প সহনশীল এই বিশাল বাধটিকে ধসিয়ে দেওয়া হয়েছে মাত্র ৭ মাত্রাতেই। একই সাথে দৃঢ় কাঠামোর দালানগুলো ধসে পড়েছে এই ৭ মাত্রার ভূমিকম্পে। বিজ্ঞানীদের মতে, ভূমিকম্পের পূর্বাভাসের যে বিষয়টি দেখানো হয়েছে তারও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
সিনেমার মূল সম্পদ সিজিআই-এর কাজ। বিশালাকায় সব ভবনের ধসে পড়ার দৃশ্যগুলো শিহরিত করে। দারুণ একটি আবহের সাউন্ডট্র্যাক দিয়ে সিনেমা শুরু হলেও কাহিনির দ্রুততার সঙ্গে সংগীতের আবহটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন সংগীত পরিচালক অ্যান্ড্রু লকিংটন। জনসন বেশ অনেকদিন পর এমন কোনো সিনেমাতে অভিনয় করলেন যেখানে তার শারিরীক কসরতটা কমই করতে হয়েছে। পুরো সিনেমায় বিশ্বজনীন আবহ তৈরির চেষ্টা দেখা যায় মার্কিনিদের পাশাপাশি অস্ট্রেলীয়, আইরিশ, ব্রিটিশ, ভারতীয়, কানাডীয় অভিনয়শিল্পীদের অন্তভর্ূক্তিতে।
শেষ কথা
সব কথার শেষ কথা হচ্ছে, সিনেমাটি বক্স-অফিসে ভালই ব্যবসা করছে। বছরের অন্যতম ব্লকবাস্টার ‘ফিউরিয়াস সেভেন’ এর সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে সাফল্যের দৌড়ে। সমালোচকদের বিরক্তি উৎপাদন করলেও দর্শককে কোনো না কোনোভাবে সন্তুষ্ট করেছে সিনেমাটি।
