২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মকিং জে পার্ট টু': চূড়ান্ত যুদ্ধের আভাস       

এ বছরই অন্ত ঘটতে যাচ্ছে ‘দ্য হাঙ্গার গেইমস’ সিরিজের।  সিরিজের চতুর্থ এবং শেষ কিস্তি ‘মকিংজে পার্ট টু’ আসছে নভেম্বরে। ক্যাপিটলের বিরুদ্ধে বিদ্রোহী ক্যাটনিস এভারডিনের যুদ্ধটা যে ভালই জমবে, তারই ইঙ্গিত পাওয়া গেল সম্প্রতি প্রকাশিত ট্রেইলারে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 01:56 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

এক মিনিট ৪৬ সেকেন্ডের ট্রেইলারটিতে ক্যাটনিসকে বলতে শোনা যায়, "স্নো বেঁচে থাকতে যা কিছু শুভ তা নিরাপদ নয়, আর তা নিয়ে আর কোনো বক্তৃতা দিতে পারবো না আমি"।  কাজেই বক্তৃতাবাজি নয় এবার ক্যাটনিস নামবে সত্যিকারের যুদ্ধে।  বিদ্রোহীদের শহর ডিস্ট্রিক্ট থার্টিনের মুখপাত্র গর্জে ওঠে, "ক্যাপিটলের দিকে অস্ত্র তাক করো"। আর এরপরই দেখা যায় ক্যাপিটলের দিকে বিদ্রোহীদের সংঘবদ্ধ যাত্রা যার পদে পদে মৃত্যুফাঁদ। প্রেসিডেন্ট স্নোকে অবশ্য দেখা গেল আগের মতোই অহংপূর্ণ কঠোর নিয়ন্ত্রকের ভূমিকায়। বিদ্রুপাত্মক কণ্ঠে তাকে বলতে শোনা যায়, "আমার প্রিয় ক্যাটনিস এভারডিন, কোনো ভুল করো না।"

এবারের পর্বে জেনিফার লরেন্স, জশ হাচারসন, উডি হ্যারেলসনদের মতো নিয়মিত তারকাদের পাশাপাশি দেখা যাবে ‘মকিংজে পার্ট ওয়ান’ - এ যুক্ত হওয়া দুই শিল্পী জুলিয়ান মুর এবং ফিলিপ সিমোর হফম্যানকেও। 'গেইম অফ থ্রোন্স'-এ ব্রিয়েন অফ টার্থের ভূমিকায় অভিনয় করা গুয়েন্ডোলাইন ক্রিস্টিও এ সিনেমার নতুন সংযুক্তি।

২০১২ সালে শুরু হওয়া এই সিরিজ জেনিফার লরেন্সকে তারকা খ্যাতি এনে দেয়। নারীকেন্দ্রিক এই সিরিজটির সবগুলো সিনেমাই মুক্তির সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে বক্স-অফিসে। এ পর্যন্ত মুক্তি পাওয়া তিনটি সিনেমা সব মিলিয়ে আয় করেছে দুইশ কোটি ডলারের বেশি।