ড্রাকুলা থেকে জিন্নাহ: ক্রিস্টোফারের যাত্রা
"জীবিত অবস্থায় কিংবদন্তী হওয়া সম্ভব নয়, কিংবদন্তী হতে হলে আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে" - এ কথা বলেছেন যিনি, তিনি বিদায় নিয়েছেন। তবে কিংবদন্তী তিনি হয়ে উঠেছিলেন জীবদ্দশাতেই। কাউন্ট ড্রাকুলা তেকে জিন্নাহ - বৈচিত্রময় সব চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে ফেলেছেন চিরস্থায়ী ছাপ। ক্রিস্টোফার লি তাই মৃত্যুতে যেন অনন্তের পথে যাত্রী হলেন।
জন্ম তার ১৯২২ সালে লন্ডনে, বাবা ছিলেন সেনা কর্মকর্তা। ইতালীয় বংশদ্ভূত ছেলেটির স্কুলের পড়ায় মন বসতো না। অংক কষার বদলে তাকে দেখা যেতো স্কুলের মঞ্চ নাটকের মহড়ায়। যুবক বয়সে অংশ নিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এর পরই তিনি দেখা পান তার গন্তব্যের।
সময়টা ১৯৪৬ সাল, যুদ্ধ শেষে লন্ডনে ফিরেছেন লি। কিন্তু অফিসের কেরানির চাকরিটা এখন আর মনঃপুত হচ্ছে না। জ্ঞাতি ভাই নিকোলো কারান্দিনির সঙ্গে দুপুরের খাবার খেতে খেতে একদিন সিদ্ধান্ত নিলেন, অভিনেতা হবেন। ভাইকে তার স্বপ্নের পথ বাতলে দিলেন নিকোলো, পরিচয় করিয়ে দিলেন এক প্রযোজকের সঙ্গে।
কিন্তু শুরুটা এতো সহজ ছিল না । অডিশনের আগেই তাকে প্রত্যাখ্যান করলেন পরিচালক, কারণ একটু বেশিই লম্বা তিনি। অবশ্য ভাগ্যের শিকে ছিঁড়তে দেরি হয়নি। সাত বছরের চুক্তিতে তাকে নিয়ে নিলেন আরেকজন প্রযোজক।
অবশ্য এই সাত বছরে অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করতে পারেননি লি। কোনো কোনো সিনেমায় তার চরিত্রের ছিল শুধু একটি সংলাপ। এছাড়া অতিরিক্ত উচ্চতার কারণে সহশিল্পিদের সঙ্গে কাজ করতে গিয়ে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে তাকে।
লির ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ১৯৫২ সালে। সে বছর তার অভিনীত সিনেমা ‘মুলা রুশ’ অস্কারে মনোনয়ন পায়। এর পরের এক দশক লির জন্য ছিল স্বপ্নের সিড়ি বেয়ে উপরে ওঠার সময়। একের পর এক অ্যাকশনধর্মী চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করে নিজের আলাদা ইমেজ তৈরি করে ফেলেছিলেন লি।
এর কয়েক বছর পরই তার হাতে আসে হ্যামারের নতুন সিনেমা ‘ড্রাকুলা’র কেন্দ্রীয় চরিত্রটি। আরও একবার লিকে সাদরে গ্রহণ করে দর্শক।
পঞ্চাশের দশক থেকে শুরু করে সত্তরের দশক পর্যন্ত হ্যামার প্রোডাকশনের মোট ছয়টি সিনেমায় কাউন্ট ড্রাকুলা চরিত্রে দেখা গেছে লিকে। যা পরবর্তী সময়ে দর্শকের কাছে তাকে ‘ড্রাকুলা’ হিসেবেই পরিচিতি দিয়েছে।
এরই মাঝে শার্লক হোমসের চরিত্রেও অভিনয় করেছেন লি। ১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘শার্লক হোমস অ্যান্ড দ্য ডেডলি নেকলেস’-এ অভিনয় করে তিনি ‘ড্রাকুলা’ পরিচয়ের গণ্ডি পেরুতে চেয়েছিলেন।
বাকিটা সময় লি অভিনয় করেছেন 'জেমস বন্ড' সিরিজে এবং ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের মত স্মরণীয় চরিত্রে (আই, মনস্টার ১৯৭১)। এছাড়া জার্মান ভাষায় ভালো দখল থাকায় বেশ কয়েকটি জার্মান সিনেমাতেও কাজ করেন তিনি।
১৯৭৭ সালের পড়ে লন্ডন ছেড়ে হলিউডে পাড়ি জমান লি। তার প্রথম মার্কিন ফিল্ম ছিল ‘এয়ারপোর্ট ৭৭’, যা বক্স অফিসে সফল হয়। এরপর তিনি কাজ করেন স্টিভেন স্পিলবার্গের সিনেমা ‘নাইন্টিন ফরটি ওয়ান’-এ।
নব্বইয়ের দশকের শেষের দিকে লি অভিনয় করেন পাকিস্তানি রাজনীতিবিদ মোহাম্মদ আলি জিন্নাহর চরিত্রে (জিন্নাহ, ১৯৯৮)। তার মতে, তার পুর ক্যারিয়ারে সবচেয়ে সুন্দর চরিত্র ছিল এটি।
অভিনয়ের পাশাপাশি নিজের দরাজ কণ্ঠের জন্যেও আলাদাভাবে পরিচিত ছিলেন লি। বেশ কয়েকটি সিনেমায় কণ্ঠ দেয়া ছাড়াও লি নিজের সঙ্গীত ক্যারিয়ার গড়ে তুলেছিলেন। হেভি মেটাল সঙ্গীতে ছিল তার বিশেষ দখল। ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত চারটি অ্যালবাম বের করেন তিনি। নিজের সিনেমাতেও গান গেয়েছিলেন লি।
দীর্ঘ ক্যারিয়ারে নাইট উপাধি ছাড়াও ব্রিটিশ সরকারের কাছ থেকে বেশ কিছু বিরল সম্মাননা পেয়েছেন লি। এর মধ্যে ছিল কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) উপাধি, যা তিনি পেয়েছিলেন অভিনয়ের জন্য।
বহু গুণে গুণান্বিত এই শিল্পীর জীবনী শক্তি ছিল অভিনয়। তিনি বলতেন, "অভিনয়ের পাশাপাশি আমি সঙ্গীত শিল্পী এবং লেখক হিসেবেও পরিচিত। কিন্তু সত্যি বলতে কী, অভিনয় ছাড়া আমার চলে না। অভিনয় আমাকে বাঁচিয়ে রাখে।"
৭০ বছরের ক্যারিয়ারে তার চালিকাশক্তি হিসেবে কাজ করেছে ২৫০টিরও বেশি সিনেমা। অবশেষে চলতি বছরের ৭ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৯৩ বছর বয়সী এই কিংবদন্তী অভিনেতা।
