বিচ্ছেদের পথে হোমার-মার্জ?
চলতি বছরই শুরু হবে জনপ্রিয় মার্কিন অ্যানিমেটেড সিটকম ‘দ্য সিম্পসন্স’-এর ২৭ তম সিজন। তবে নতুন এই সিজনে দর্শকের জন্য থাকছে নতুন কিছু চমক। এ মৌসুমেই নাকী দুই যুগেরও বেশি সময় ধরে সংসার করে আসা মার্জ এবং হোমার দম্পতির বিচ্ছেদ ঘটতে পারে। বিশেষ একটি পর্বে খুন হতে পারে তাদের একমাত্র ছেলে বার্টও।
সিরিজটির অন্যতম নির্বাহী প্রযোজক অ্যাল জিন বলেন, সেপ্টেম্বরে ২৭ তম সিজনের প্রথম পর্ব থেকেই দেখানো হবে অনেকদিন ধরেই হোমার আর মার্জের সম্পর্কে ফাটল ধরেছে।
মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাল জিন বলেন, “প্রথম পর্বেই দেখা যাবে, এত বছর পর হোমার নার্কোলেপ্সিতে (ঘুম সংক্রান্ত এক ধরনের অসুখ) আক্রান্ত হয়েছে এবং এটা তাদের দাম্পত্য জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলছে।”
“হোমার এবং মার্জ আইনগতভাবে আলাদা হয়ে যায় এবং হোমার তার ফার্মাসিস্টের প্রেমে পড়ে। এই চরিত্রের কণ্ঠদান করেছেন লেনা ডানহ্যাম (টিভি সিরিজ ‘গার্লস’-এর নির্মাতা এবং অভিনেত্রী)।”
এদিকে টুইটারে সিরিজটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভক্তদের আহ্বান জানানো হয় নতুন সিজন নিয়ে অ্যাল জিনের দেওয়া তথ্য পড়ার জন্য।
এই টুইটের পাঁচ ঘণ্টা পরই একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে বার্ট ব্ল্যাকবোর্ড বারবার লিখছে, “হোমার এবং মার্জ আলাদা হয়ে যাচ্ছে না।”
সেই ছবির ক্যাপশনে আহ্বান জানানো হয় হোমার এবং মার্জের বিচ্ছেদের গুজব বন্ধ করার জন্য।
এদিকে জুনের প্রথম সপ্তাহে এন্টারটেইনমেন্ট উইকলি তাদের এক প্রতিবেদনে দাবি করে এই সিজেনেই মৃত্যু ঘটবে বার্টের।
এন্টারটেইনমেন্ট উইকলি কে এ ব্যাপারে অ্যাল জিন বলেন, “ ক্রাস্টি দ্য ক্লাউনের সাবেক শয়তান সহকারী সাইডশো বব অবশেষে বার্টকে সরিয়ে ফেলার তার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে।”
তবে বার্টের মৃত্যু হবে সিরিজটির হ্যালোইনের বিশেষ পর্বে, যা সাধারণত মূল সিরিজের অংশ হয় না। আর তাই পরের পর্বগুলোতেই বার্টের ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
১৯৮৯ সাল থেকে প্রচারিত হয়ে আসা ‘দ্য সিম্পসন’-এর যুক্তরাষ্ট্রেই রয়েছে ৭৭ লাখ দর্শক। এছাড়াও ফক্স চ্যানেলে প্রদর্শিত হওয়া সিরিজটির আন্তর্জাতিক বাজারেও রয়েছে প্রচুর দর্শক। সম্প্রতি ফক্স চ্যানেল ঘোষণা দিয়েছে আরও দুই সিজন তৈরি করে সিরিজটিকে মর্কিন টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলতে থাকা অনুষ্ঠানে পরিণত করার।
অ্যাল জিন বলেন, চ্যানেলটির এই উদ্যোগের পেছনে রয়েছে একটি রাজনৈতিক কারণ।
“আমরা অবশ্যই ২০১৬ সালে হোমারের ভোট দেওয়া দেখবো। ফক্স-এর এই সিদ্ধান্তের জন্য একটি কারণে আমি খুশি। আর তা হলো, এর ফলে হোমার আবার ভোট দিতে পারবে।”
