ঢাকায় আসছেন পারিনিতি চোপড়া
দীপিকা পাড়ুকোনের পর ঢাকায় আসছেন আরও একজন বলিউড তারকা। ঈদ-উল-ফিতর উপলক্ষে গ্রিন অ্যাপল কমিউনিকেশন্স নামে একটি ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠানের আয়োজনে ঢাকায় আসছেন পারিনিতি চোপড়া।
গ্লিটজকে এ খবর নিশ্চিত করেছেন গ্রিন অ্যাপলের হেড অব মার্কেটিং এম. এইচ. জয়।
জয় জানান, ১৬ জুন সকালে ঢাকায় পা রাখবেন পারিনিতি। সন্ধ্যা সাড়ে ছয়টায় বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ হলে শুরু হবে ফ্যাশন শো। এতে সানজিদা লুনার কোরিওগ্রাফিতে র্যাম্পে হাঁটবেন দেশসেরা বিশজন মডেল। আর শো স্টপার হিসেবে থাকছেন পারিনিতি।
জয় বলেন, “বাঙালির অন্যতম উৎসব ঈদু-উল-ফিতর। এ সময় দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি হয়ে ওঠে দারুণ ব্যস্ত। ফ্যাশন ইন্ডাস্ট্রি সেজে ওঠে নতুন সাজে। আমরা এবার অভিজাত ও সাধারণ শ্রেণির কথা মাথায় রেখে ফ্যাশন শোকে সাজিয়েছি। দেশীয় পোশাককে আমরা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চাই। ‘ফ্যাশন ফর ফ্যাশন’ শিরোনামে আয়োজিত এই ফ্যাশন শোর মাধ্যমে আমরা বলতে চাই, বাংলাদেশেও আন্তর্জাতিক মানের ফ্যাশন শো আয়োজন করা সম্ভব।”
পারিনিতিকে নিয়ে আসার ব্যাপারে জয় বলছেন, “বাংলাদেশের ফ্যাশন সংস্কৃতিকে তুলে ধরতে একজন আন্তর্জাতিক মানের সেলিব্রিটিকে খুঁজছিলাম আমরা। উপমহাদেশের সংস্কৃতির ধারা নিয়েও আমরা ভাবছিলাম। একই সময়ে আমরা দেখছিলাম, ভারতের বেশ কটি ফ্যাশন শোতে পারফর্ম করছিল পারিনিতি। তখন আমরা তার সঙ্গে যোগাযোগ করি। তিনিও রাজি হন বাংলাদেশে আসতে।
জয় জানিয়েছেন, ১৭ তারিখ সকালেই আবার ভারতের উদ্দেশ্যে রওনা হবেন পারিনিতি।
