'সারাবজিৎ' সিনেমায় ঐশ্বরিয়া
‘মেরি কম’ খ্যাত নির্মাতা উমাঙ কুমার এবার তৈরি করছেন পাকিস্তানের কারাগারে ১৩ বছর কাটিয়ে খুন হওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় কয়েদী সারাবজিৎ সিং-এর জীবনীর উপর। ‘সারাবজিৎ’ নামের সিনেমাটিতে তার বোন দালবির কাউরের ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
উমাঙ কুমার বলেছেন, তিনি মনে করেন সিনেমার এই গুরুত্বপূর্ণ চরিত্রটি ন্যায্যতার সঙ্গেই পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন সাবেক এই বিশ্বসুন্দরী
উমাঙ বলেন, যখন তিনি ঐশ্বরিয়ার চরিত্রটি তাকে বুঝিয়ে বলছিলেন, “তার চোখে পানি চলে আসে এবং সঙ্গে সঙ্গে তিনি হ্যাঁ বলে দেন।”
উমাঙ আরও বলেন, “তিনি একজন অসাধারণ অভিনেত্রী, যিনি এই চরিত্রটিকে ন্যায্যতার সঙ্গে তুলে ধরতে পারবেন।”
এর আগে ‘প্রোভক্ড’, ‘গুজারিশ’ এবং 'গুরু'র মতো সিনেমায় ঐশ্বরিয়াকে দেখা গেছে বাস্তব অনুসৃত গভীরতা সম্পন্ন চরিত্রে অভিনয় করতে। ‘সারাবজিৎ’-এর প্রযোজক সানদিপ সিং-এর মতে এই সিনেমাতেও ‘অত্যন্ত শক্তিশালী’ একটি চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া।
ভারতীয় নাগরিক সারাবজিৎ সিং কে ১৯৯০ সালে লাহোর এবং ফায়সালাবাদের সিরিজ বোমা হামলার দায়ে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানি আদালত। তখন থেকে অন্য কারাবন্দীদের আক্রমণে ২০১৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত লাহোরের লাখপাত জেলে বন্দি ছিলেন তিনি।
সারাবজিৎ আমৃত্যু দাবি করে এসেছেন তিনি সন্ত্রাসী নন বরং এক সাধারণ কৃষক ছিলেন। ভুল করে সীমানা পার হওয়ার কারণে বোমা হামলার তিন মাস পর তাকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। অন্যদিকে নানান অসমর্থিত সূত্র দাবি করে, ভারতের গোয়েন্দা সংস্থা র-এর গুপ্তচর ছিলেন তিনি, যার কাজ ছিল পাকিস্তান সম্পর্কে তথ্য অনুসন্ধান করা।
