আসছে 'গার্ডিয়ানস অফ গ্যালাক্সি টু'
৪৮ দিন টানা কাজ করে ২০১৪ সালের সুপারহিট সিনেমা ‘গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি’র সিকুয়ালের চিত্রনাট্য লিখে শেষ করেছেন জেমস গান। আর লেখা শেষেই সুখবরটি ভক্তদের জানাতে দেরি করেননি তিনি।
২ জুন ফেইসবুক এবং টুইটারে নতুন সিকুয়ালের চিত্রনাট্যের খসড়া লেখা শেষ হয়েছে বলে জানান গান, সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি।তবে এবারের সিনেমাটির নাম কিংবা কাহিনি কি হচ্ছে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এবারের সিনেমাতেও নিজের উপস্থিতি নিশ্চিত করেছেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা ক্রিস প্যাট। এক সাময়িকীকে প্যাট জানান, আগামী বেশ কয়েকটি সিকুয়ালে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
২০১৪ সালের ১ অগাস্ট মুক্তি পায় সাই-ফাই সুপারহিরো মুভি 'গার্ডিয়ানস অফ গ্যালাক্সি'। সমালোচক এবং দর্শকের মন জয় করে সে বছরের সবচেয়ে ব্যবসাসফল সুপারহিরো মুভির তালিকায় নাম লেখায় সিনেমাটি। প্রথম পর্বের চিত্রনাট্যও লিখেছিলেন জেমস গান।
'গার্ডিয়ানস অফ গ্যালাক্সি'র পরবর্তী পর্ব মুক্তি পাবে ২০১৭ সালের ৫ মে।
