থানার চক্কর কাটতে হচ্ছে সানি লিওনিকে
অশ্লীলতার অভিযোগে একাধিক মামলা হওয়ায় এখন থানার চক্কর কাটতে হচ্ছে ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনিকে। আর সে জন্য কাজ থেকে তিন দিন বিরতি নিয়েছেন এ সময়ের ব্যস্ত এই বলিউড অভিনেত্রী।
মে মাসের শুরুতে সানির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে মামলা করে হিন্দুত্ববাদী এক সংগঠন। সাবেক এই পর্ন তারকার বিরুদ্ধে নিজের ওয়েবসাইটের মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ করে তাকে ভারতছাড়া করার দাবী করা হয়। একই অভিযোগে মামলা করেন এক ভারতীয় গৃহবধূ। সম্প্রতি সানি লিওনিসহ গুগলের নির্বাহী পরিচালক এবং ভারতের আজমির শহরের এক বিনোদন সাময়িকীর বিরুদ্ধে মামলা করা হয়।
ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, আইনি ঝামেলা এড়াতে কাজ থেকে তিন দিনের ছুটি নিতে হয়েছে সানিকে। তিনি শুটিং করছিলেন এমটিভির অনুষ্ঠান ‘স্প্লিটসভিলা এইট’-এর।
সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, চলতি মাসের মধ্যে শুটিং শেষ করার কথা ছিল সানির। কারণ খুব শিগগিরই শুরু হবে অনুষ্ঠানটির প্রচার।
সম্প্রতি পুলিশ কমিশনারের কার্যালয়ে যান সানি। সেখানে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন তিনি। সানির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ভারতীয় আইন অনুযায়ী তার পাঁচ বছরের জেল হতে পারে।
