‘তারা চায় না নতুনরা উঠে আসুক’
ঢাকার সিনেমাপাড়া হিসেবে পরিচিত কাকরাইলের একটি চক্র নতুনদের বিকাশের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার নবাগত অভিনেতা আশিক চৌধুরী।
হীরু খান পরিচালিত ঈদের বিশেষ টেলিফিল্ম ‘হয়তো তোমারই জন্য’র সেটে গ্লিটজের সঙ্গে কথা বলার সময় আশিক অভিযোগ করে বলেন, “কাকরাইলের ফিল্ম পাড়ার একটি বিশেষ সিন্ডিকেট আছে, যারা চান না যে নতুন পরিচালক, প্রযোজক কিংবা শিল্পী তৈরি হোক। এজন্যই তারা নতুনদের প্রচারে বিমুখ। এমনকি তারা এজন্য অনেক উপরের লেভেল থেকে দৈনিক ভাতাও পাচ্ছেন!”
আশিকের মতে, নতুন নায়ক-নায়িকাদের সিনেমাতে একেবারেই কম টাকা লগ্নি করা হচ্ছে। আশিক আরও বলছেন, নতুদের বিকাশে খোদ বিএফডিসি, চলচ্চিত্র শিল্পীসমিতিসহ সংশ্লিষ্টদের কোনো ভূমিকা নেই।
“নতুনদের নিয়ে শিল্পী সমিতিতে কোন মিটিং হয় না। একজন নতুন শিল্পী ইন্ডাস্ট্রিতে ঢুকে কি করলো, কিভাবে তাকে উঠানো যায়, এ নিয়ে এফডিসির কোনো পদক্ষেপ নেই। শিল্পী সমিতিতে চাঁদা দিয়ে সদস্যপদ পেলেই বা কি লাভ! সেখানে তো উন্মুক্ত আলোচনার কোনো জায়গা নেই। শিল্পীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে কোনো আলোচনাই এখানে হয় না।”
ভারতীয় সিনেমার কাহিনি, দৃশ্য নকল নির্মিত সিনেমায় অভিনয়ের ব্যাপারেও আপত্তি আছে আশিকের। তবে ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর মতো রিমেইকে অভিনয়ে রাজি আছেন তিনি।
`দুটি মনের পাগলামী, ‘হৃদয় দোলানো প্রেম’, ‘আয়না সুন্দরী’ সিনেমার নায়ক চরিত্রে রূপদানকারী আশিক সম্প্রতি শেষ করলেন আজিজুর রহমানের ‘স্বর্গ থেকে নরক’ এবং সাজ্জাদ হয়দারের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হৃদয় ছোঁয়ার দিন’-এর শুটিং।
আশিক এখন শুটিং করছেন এ আর মুকুল নেত্রবাদীর ‘ফিফটি ফিফটি লাভ’ সিনেমার। কিছু দিনের মধ্যেই শুরু করবেন আওয়াল রেজার ‘দ্বীপকুমারী’ সিনেমার শুটিং। কথা চলছে আরও দশটি সিনেমার ব্যাপারে।
মঞ্চ ও ছোট পর্দায় নাটকে অভিনয়ের পর সিনেমাতে আসা আশিক টিভিকে বিদায় বলেননি। ফেরদৌস হাসান রানার ‘ফুল আর কাঁটা’, তারিক মোহাম্মদ হাসানের ‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’, দীপংকর দীপনের ‘গ্র্যান্ডমাস্টার, আরিফ খানের ‘দলছুট প্রজাপতি’ এবং মঈনুল ইসলাম খোকনের ‘জীবনের গল্প’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
নিজের ক্যারিয়ার নিয়ে আশিক বলছেন, “আমার ভেতরে অভিনয়ের ক্ষুধা আছে। অভিনয় মন দিয়ে শিখে অভিনয় করে যেতে চাই। দ্রুত তারকা হয়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। কারণ যত দ্রুত উঠে যাওয়া যায়, ঠিক তত দ্রুতই নেমে যেতে হয় এটা আমার বিশ্বাস। তারকা আমি হতে চাই ঠিকই তবে তা অভিনয় দক্ষতা দিয়েই। দ্রুত জ্বলে নিভে যেতে আমি রাজি নই।”
