দুবাই যাচ্ছেন জামিনে মুক্ত সালমান
জামিনে মুক্ত ভারতীয় অভিনেতা সালমান খান দেশের বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন, তবে শর্তসাপেক্ষে। দুবাইয়ে একটি অ্যাওয়ার্ড আসরে নাবচেন তিনি।
২০০২ সালে মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর চলতি বছরের ৬ মে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন এক নিম্ন আদালত। এরপর হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। গ্রীষ্মকালীন ছুটিতে এক মাসের জন্য আদালত বন্ধ হওয়ার আগে জামিন পান সালমান । আপাতত তার মামলায় স্থগিতাদেশ রয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য দুবাইয়ে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন সালমান। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, তিন দিনের জন্য ভারতের বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি।
অর্থাৎ ২৭ মে থেকে ৩০ মের মধ্যে দুবাইয়ে কাজ সেরে দেশে ফিরতে হবে সালমানকে। ২৯ মে দুবাইতে অনুষ্ঠিত এক অ্যাওয়ার্ড আসরে নাচবেন এই অভিনেতা।
সালমানকে তার ফ্লাইট নম্বর এবং দুবাইতে তিনি কোথায় থাকবেন এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সালমানের দুবাইয়ের ফোন নম্বর এবং তিনি যেই হোটেলে উঠবেন তার ফোন নম্বর দিতে হবে হাইকোর্টকে। আর দেশে ফেরার ১২ ঘণ্টার মধ্যে সালমানকে পুলিশের কাছে জমা দিতে হবে তার পাসপোর্ট।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দুবাই ভ্রমণের সময় ২ লাখ রুপির বেশি অর্থ সঙ্গে নিতে পারবেন না সালমান।
