২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের পাশে শাহরুখ

মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় চূড়ান্ত রায় হওয়ার আগের রাতেই সালমান খানের বাসায় গিয়ে তাকে সাহস যুগিয়েছেন শাহরুখ খান। এবার সালমানের নতুন সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান'- এর প্রথম ঝলক প্রকাশ করলেন নিজের টুইটার অ্যাকাউন্টে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2015, 11:21 AM

Updated : 25 Apr 2022, 01:25 PM

'বাজরাঙ্গি ভাইজান' সিনেমায় সালমানের দুর্ধর্ষ রূপের ঝলক টুইটারে পোস্ট করেই ক্ষান্ত দেননি বন্ধু শাহরুখ। সেই সঙ্গে তিনি লেখেন, "আমার বিশ্বাস, নায়ক হওয়ার চেয়ে ভাই হওয়া বড়।"

ছয় বছরের দূরত্বের পর গত নভেম্বরে নিজেদের সম্পর্কের শীতলতা ভাঙেন বলিউডের এই দুই খান। এখন একে অপরের সিনেমার প্রচারও শুরু করেছেন তারা।

শাহরুখ টুইট করার পর ছবিটি রিটুইট করেন 'বাজরাঙ্গি ভাইজান'-এর নির্মাতা কবির খান।

'বাজরাঙ্গি ভাইজান'- এ সালমানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। চলতি বছর মুক্তির অপেক্ষায় থাকা সালমানের দুটি সিনেমার মধ্যে আরেকটি হল 'প্রেম রাতান ধান পায়ো', যেখানে তার বিপরীতে আছেন সোনাম কাপুর।

২০০২ সালে ঘটে যাওয়া গাড়ি চাপা মামলায় সম্প্রতি পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সালমান। হাইকোর্টে আপিল করার পর আপাতত স্থগিত আছে তার এই মামলা। আসছে জুলাই মাসে হাইকোর্টে মামলার শুনানি হবে। আর সে মাসেই মুক্তি পাবে 'বাজরাঙ্গি ভাইজান'।