২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানের সেরা ঐশ্বরিয়া

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে সেরা পোশাকধারী ভারতীয় অভিনেত্রীর খেতাব জিতেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক জরিপে পাঠকদের ভোটে সেরা নির্বাচিত হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2015, 12:33 PM

Updated : 25 Apr 2022, 01:24 PM

সোনাম কাপুর এবং ক্যাটরিনা কাইফকে পেছনে ফেলে এ বছর কানে সেরা পোশাকধারীর খেতাব জিতে নিলেন ঐশ্বরিয়া। লেবানিজ ডিজাইনার এলি সাবের সমুদ্রনীল  সান্ধ্য পোশাকে প্রথম দিনই সবার নজর কাড়েন এই অভিনেত্রী। লাল গালিচায় ঐশ্বরিয়ার পরনের সেই পোশাক ভোট পেয়েছে সবচেয়ে বেশি, শতকরা ৫০ দশমিক ৫৩ ভাগ।

এছাড়া ১৬ দশমিক ৮২ শতাংশ ভোট পেয়েছে অ্যাশের পড়া গেরুয়া রঙের একটি ফুলেল জাম্পস্যুট, যা নকশা করেন ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জি

অন্যদিকে প্রথমবারের মত কান উৎসবে যোগ দিয়ে অ্যাশকে তেমন একটা টক্কর দিতে পারেননি ক্যাটরিনা কাইফ। একরঙা ক্রপ টপ এবং সাদা কালো স্কার্ট পরিহিতা ক্যাট কানে প্রথম আবির্ভূত হন এক সংবাদ সম্মেলনে।  আর সেই পোশাকটি জিতেছে ৩৮ দশমিক ৯৬ শতাংশ ভোট। ক্যাটের এই পোশাকটি ছিল মার্কিন ডিজাইনার প্রতিষ্ঠান মিলির।

লালচুলের সঙ্গে মিল রেখে এলি সাবের নকশা করা লাল রঙের একটি সান্ধ্য পোশাক পড়েছিলেন ক্যাট, যা ভোট পেয়েছে ৩১ দশমিক ১ শতাংশ।

ওদিকে বরাবরই ফ্যাশন সচেতন হিসেবে খ্যাত অভিনেত্রী সোনাম কাপুর এবার পিছিয়ে পড়েছেন। ব্রিটিশ ফ্যাশন হাউজ রালফ অ্যান্ড রুশোর নকশা করা তার নীল রঙের পোশাকটি পেয়েছে ৫১ দশমিক ৫৫ শতাংশ ভোট।

ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবের অন্যতম স্পন্সর মেকআপ ব্র্যান্ড ল'রিয়াল প্যারিস। আর এই ব্র্যান্ডের দূত হিসেবেই প্রতি বছর কান উৎসবে যোগ দিয়ে থাকেন ভারতীয় অভিনেত্রীরা।