সত্যজিৎ-এর চরিত্রে কিউ
সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা ‘পথের পাঁচালি’ মুক্তির ছয় দশক পর এবার এটি নির্মাণের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। লেখক-নির্দেশক উদয়ন নম্বুদিরির পরিচালনায় এবং কৌস্তুভ রায়ের প্রযোজনায় সত্যজিৎ-এর ভুমিকায় অভিনয় করবেন আরেক নির্মাতা কৌশিক মুখার্জি ওরফে কিউ।
সত্যজিৎ রায়ের পরিবার এই পরিকল্পনার ব্যাপারে জানেন এবং তথ্যের কোনো বিকৃতি না হলে এই সিনেমা তৈরি করা নিয়ে তাদের কোনো আপত্তি নেই।
ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে এই বিষয়ে সিনেমার পরিচালক জানান, বিশাল বাজেটের সিনেমাটি এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে।
“আমরা এখনও কলাকুশলী ঠিক করায় ব্যস্ত। এটা বিরাট এক দায়িত্ব, কারণ আমাদের দেড়শ জন মানুষকে খুঁজে বের করতে হবে।
সিনেমাটির প্রযোজক কৌস্তুভ রায় জানান, ২০১৬ সালে সত্যজিৎ-এর জন্মদিন; অর্থাৎ দোসরা মেতে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
তিনি বলেন, “কেবল সত্যজিৎই নন, ওই সময়ের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়, সিনেমাটি তৈরিতে রাষ্ট্রীয় অর্থায়ন জোগান দেওয়ায় যার ব্যাপক ভূমিকা ছিল, তারও একটি গুরুত্বপূর্ণ ভুমিকা থাকছে সিনেমাটিতে।”
বিধান চন্দ্র রায়ের চরিত্রে অভিনয় করবেন পরান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি এই মুহূর্তে খসড়া চিত্রনাট্যটি পড়ছি। সিনেমাটিতে দেখানো হবে কিভাবে অর্থের জন্য মানিকদাকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে, শেস পর্যন্ত যার অবসান ঘটান বিধান চণ্দ্র রায়। অনেক বছরের সাধনার পর তিনি এই সিনেমাটি তৈরি করেন, যা বিশ্ব চলচ্চিত্রে একটি স্থায়ী প্রভাব ফেলে।”
কৌশিক মুখার্জি এর মধ্যেই চিত্রনাট্যটি হাতে পেয়েছেন। তিনি বলেন, “কিভাবে আমি চরিত্রটি ফুটিয়ে তুলবো, সে ব্যাপারে বলার সময় এখনও আসেনি। চুক্তিতে এখনও সই করা বাকি আছে। তবে এই সপ্তাহেই সবকিছু ঠিক হয়ে যাওয়ার কথা।”
অভিনেতা রাহুল ব্যানার্জী অভিনয় করছেন ‘পথের পাঁচালি’র শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্তের ভূমিকায়। তবে মূল সিনেমায় শিল্প নির্দেশকের দায়িত্ব পালন করবেন ইন্দ্রনীল ঘোষ। এর আগে ‘চোখের বালি’ এবং ‘ভূতের ভবিষ্যত’-এর মতো সিনেমার শিল্প নির্দেশকের দায়িত্ব পালন করেছেন তিনি।
তিনি বলেন, “সিনেমার সেট ওই সময়ের প্রতিফলন ঘটাবে। আমরা আলোচনা করছিলাম, আমরা কি সত্যিকারের দালানগুলো ব্যবহার করবো নাকি নকল দালান-কোঠা বানাবো। আমরা অবশ্য এখনও লোকেশন নির্বাচন কর উঠতে পারিনি। আমরা এমন একটি গ্রামের খোঁজে আছি, যেটা দেখতে বোড়াল গাঁয়ের মতো। কিন্তু সমস্যা হল, এখনকার গ্রামগুলোতে ল্যাম্পপোস্ট থাকে। ওই সময়ের তুলনায় বাড়িঘর এবং দালানের কাঠামো এখন ভিন্ন।”
তিনি আরও বলেন, “বিধান চন্দ্র রায়ের অংশগুলোর শুটিং-এর সময় আমাদের রাইটার্স বিল্ডিং-এর দরকার হতে পারে। তখন অনুমতি পেলে আমরা সেখানেই শ্যুট করবো, যদি না পাই আমরা অন্য ব্যাবস্থা নেব।”
এখনও নাম ঠিক না হওয়া সিনেমাটির শুটিং শুরু হবে জুলাইয়ে। সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা অনেক। সবাই বলছেন, সবকিছু ঠিকঠাক মতো এগুলে এটি হবে ‘সেভিং মিস্টার ব্যাঙ্কস’-এর মতো এটি সিনেমা যেখানে বলা হয় ওয়াল্ট ডিজনির গল্প, ‘মেরি পপিন্স’ তৈরি করতে গিয়ে তার লড়াইয়ের গল্প। সিনেমাটিতে ওয়াল্ট ডিজনির ভূমিকায় অভিনয় করেছেন টম হ্যাঙ্কস।
