কলকাতার অভিনেতার মৃতদেহ উদ্ধার
শুক্রবার কলকাতার এক জলাশয়ে মৃত অবস্থায় পাওয়া গেছে জনপ্রিয় ভারতীয় বাংলা টিভি সিরিয়াল 'জল নূপুর'-এর অভিনেতা রনেন চক্রবর্তীকে।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে অভিনেতার পরিবারের বরাত দিয়ে বলছে, ১৫ মে সন্ধ্যায় শুটিং শেষে শরীর চর্চা করতে যান রনেন। এরপর বাড়ির পাশের এই জলাশয়ে সাঁতার কাটতে যান তিনি। কিন্তু অনেক রাত পর্যন্ত তিনি ফিরে না এলে পুলিশে খবর দেন পরিবার।
এরপর তাকে মৃত অবস্থায় জলাশয়ে আবিষ্কার করে পুলিশ। তার সঙ্গে থাকা মোবাইল এবং মোটর সাইকেল পাওয়া যায় জলাশয়ের পাশে।
সাঁতার জানা একজন ব্যক্তির এভাবে পানিতে ডুবে মৃত্যু নিছক দুর্ঘটনা না এর পেছনে অন্য কারণ রয়েছে, তা তদন্ত করছে পুলিশ।
ভক্তদের কাছে রনি নামে পরিচিত এই অভিনেতা স্টার জলসার মেগা সিরিয়াল ‘জল নূপুর’-এর নিয়মিত মুখ ছিলেন। তার ছয় মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
