২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোয়ান্টিকো’তে 'দুর্দান্ত' প্রিয়াঙ্কা

মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে এফবিআই এজেন্ট রূপে দেখা যাবে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে - খবরটি পুরোনো। নতুন খবর হল টেরোরিজম থ্রিলার ড্রামা ঘরানার টিভি সিরিজটির প্রথম ট্রেইলার প্রকাশ পেয়েছে সম্প্রতি। আর ট্রেইলারেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন সাবেক এই বিশ্ব সুন্দরী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 05:28 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

সাড়ে তিন মিনিটের ওই ট্রেইলারে অ্যালেক্স প্যারিশ নামের শিক্ষানবিশ গোয়েন্দার চরিত্রে প্রিয়াঙ্কার দুর্দান্ত রূপ এর মধ্যেই ঝড় তুলেছে হিন্দি সিনে পাড়ায়।

মঙ্গলবার ‘কোয়ান্টিকো’র ট্রেইলারের লিঙ্ক নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেন প্রিয়াঙ্কা। তিনি লেখেন, “চলে এসেছে। ‘কোয়ান্টিকো’র ট্রেইলার। কেমন লাগলো? আমি অনেক নার্ভাস।”

প্রিয়াঙ্কার টুইটটি এর মধ্যেই দেড় হাজার বারের বেশি রিটুইট হয়েছে এবং দুই হাজারের বেশি টুইটার ব্যবহারকারী এটিকে তাদের পছন্দের টুইটের তালিকায় অন্তভর্ূক্ত করেছেন।

ট্রেইলারের শুরুতেই ধ্বংসস্তুপের ভেতর থেকে উঠে দাঁড়াতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। নিজের কণ্ঠেই বলেন, “আমার নাম অ্যালেক্স প্যারিশ। আমাদের দেশকে রক্ষা করা সবসময়ই আমার স্বপ্ন ছিল। কিন্তু আমার জীবন হঠাৎ করেই ভয়ঙ্কর এক মোড় নিল।”

এরপর প্রিয়াঙ্কার ভাষ্যেই শোনা যেতে থাকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এ একজন শিক্ষানবিশ হিসেবে অ্যালেক্সের অন্তর্ভুক্তির গল্প। পৃথিবীর সবচেয়ে কঠিন এই প্রশিক্ষণ কেন্দ্রে অ্যালেক্সের সঙ্গে একে একে পরিচয় ঘটে তার সতীর্থদের। এদের সবার সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হবে তাকে।

এরমধ্যেই নিউইয়র্কে ঘটে যায় ৯/১১ পরবর্তী সবচেয়ে ভয়াবহ সন্তাসী হামলা। ঘটনাক্রমে এই হামলার অন্যতম সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় অ্যালেক্সকে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে সে নেমে পড়ে আসল দোষীদের খুঁজে বের করার অভিযানে।

ট্রেইলার প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন রিতেশ দেশমুখ, ভারুন ধাওয়ান, সুশান্ত সিং রাজপুত, অর্জুন কাপুর এবং মধুর ভান্ডারকারদের মতো তারকারা।

ভারুন ধাওয়ানের টুইট, “এইমাত্র ট্রেইলারটি দেখলাম। তর সইছে না সিরিজটি দেখার জন্য। ভীষণ গর্বিত।”

সুশান্ত সিং রাজপুতের টুইট, “ওয়াও! এইমাত্র ‘কোয়ান্টিকো’র ট্রেইলার দেখলাম। অসাধারণ, আগ্রহ জাগছে। দারুণ উচ্ছ্বসিত এটি নিয়ে। প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে দারুণ গর্বিত।”

অর্জুন কাপুরের টুইট, “অন্যরা, হাল ছেড়ে দাও। মার্কিন টেলিভিশনে প্রিয়াঙ্কা চোপড়া স্টাইলের সঙ্গেই অভিষেক ঘটালেন।”

রিতেশ দেশমুখের টুইট, “প্রিয়াঙ্কা চোপড়া, এটাই হলো সত্যিকারের মূলধারার অভিষেক। অসাধারণ। অভিনন্দন।”

প্রিয়াঙ্কা চোপড়ার ‘ফ্যাশন’ সিনেমার নির্মাতা মধুর ভান্ডারকারের টুইট, “প্রিয়াঙ্কা চোপড়া, অসাধারণ। একদম ফাটাফাটি।”

এবিসির জন্য টিভি সিরিজটি নির্মাণ করেছেন জশুয়া স্যাফ্রান। চলতি বছরেই প্রচার শুরু হবে ‘কোয়ান্টিকো’র। এতে প্রিয়াঙ্কার সঙ্গে আরও অভিনয় করেছেন জেইক ম্যাকলাফলিন, ডাগরে স্কট, অনজানু এলিস, জোহানা ব্র্যাডি, টেইট এলিংটন, গ্র্যাহাম রজার এবং ইয়াসমিন আল মাস্রি।

ট্রেইলার লিঙ্ক: