২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দার মা: সয়ে যাওয়াই যার ভাগ্য

বিশ্বের বিভিন্ন ভাষায় চলচ্চিত্রে বিভিন্ন কাহিনির মাধ্যমে মা-সন্তানের বহুমুখী সম্পর্কের চিত্র তুলে ধরা হয়েছে। বস্তুত নরনারীর প্রেমের পর চলচ্চিত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত বিষয়বস্তু সম্ভবত মা ও সন্তানের সম্পর্ক, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। কিন্তু পর্দার মা যেন নিজস্বতাবিহীন কেবল এক ত্যাগের প্রতীমা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 02:58 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

এক সুখী পরিবার। মা-বাবার আদরে বেড়ে উঠছে একটি ছেলে। হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হয় বাবার। শিশুপুত্রকে নিয়ে অসহায় অবস্থায় পড়েন মা। পরিবার ও সমাজের চাপে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হন তিনি। দ্বিতীয় স্বামীর নির্যাতনে বিপর্যস্ত মাকে বাঁচাতে সবটুকু শক্তি নিয়ে এগিয়ে আসে ছোট্ট ছেলেটি।

আশির দশকে সুপারহিট ‘আগুন’ ছবির গল্প গড়ে ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে। ‘আগুন’ চলচ্চিত্রে রুনা লায়লার কণ্ঠে ‘আমার মায়ের কান্না আমি সইতে পারি না’ গানটি মা শর্মিলী আহমেদের প্রতি কিশোর ছেলের আবেগকে তুলে ধরেছে। সেসময় দারুণ জনপ্রিয়তা পায় গানটি। এ ছবিতে ছেলের ভূমিকায় ছিলেন রাজ্জাক।

‘মা’ ছবিতে মায়ের প্রতি ছেলে সোহেল রানার ভালোবাসাও চমৎকারভাবে চিত্রায়িত হয়েছে। ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘সবার উপরে মা’ সিনেমাতেও মায়ের প্রতি ছেলের আবেগকে তুলে ধরা হয়েছে।

শিশু সন্তানের জন্য মায়ের ভালোবাসার তীব্রতা রূপায়িত করে ‘দোলনা’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেন ‘রোজিনা’। একইভাবে সন্তানের জন্য নিঃসন্তান মায়ের আবেগকে ‘লাল কাজল’ ছবিতে তুলে ধরেন শাবানা। দুটি ছবিই ব্যবসা সফল হয়।

‘বসুন্ধরা’ সিনেমায় মা রূপে দেখা যায় ববিতাকে। সেখানে সন্তানের চিকিৎসায় ব্যর্থ দরিদ্র মা ববিতার বেদনাকে তুলে ধরা হয় শিল্পসার্থকভাবে। ‘মেঘের অনেক রং’ সিনেমায় মুক্তিযুদ্ধে নির্যাতিতা মা সন্তানের জন্য নিতে বাধ্য হন এক কঠোর সিদ্ধান্ত।

আবার ‘সূর্যদীঘল বাড়ি’ সিনেমায় তালাকপ্রাপ্ত নারী জয়গুনের সন্তানকে কেড়ে নেয় তার স্বামী। মা তার সন্তানকে এক নজর দেখার আশায় অজস্র অপমান সহ্য করেও ফিরে ফিরে আসে সাবেক স্বামীর বাড়ির কাছে। জয়গুনের ভূমিকায় অসামান্য অভিনয় করেছিলেন ডলি আনোয়ার। 

‘দীপু নাম্বার টু’ ছবিতেও বিচ্ছিন্ন বাবা-মা এবং সন্তানের সম্পর্ককে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। ‘একাত্তরের মা জননী’ সিনেমায় পাকিস্তানী সেনাবাহিনীর নির্যাতনের শিকার মায়ের প্রতিশোধ গ্রহণের কাহিনি চিত্রায়িত হয়েছে।

‘বড় মা’, ‘মায়ের দাবী’, ‘আম্মাজান’, ‘আমার মা’, ‘মায়ের চোখ’, ‘মায়ের দোয়া’, ‘মায়ের কসম’ ‘মায়ের মর্যাদা’,‘মা বাবার স্বপ্ন’,‘মায়ের স্বপ্ন, ‘মাতৃত্ব’, ‘মা আমার স্বর্গ’, ‘আমার মা আমার অহংকার’, ‘পুত্র এখন পয়সাওয়ালা’ - এমন অনেক সিনেমা বাংলাদেশে নির্মিত হয়েছে। তবে এসব সিনেমার অধিকাংশতেই মাকে একটি ছাঁচে ঢালা হয়েছে।

মা মানেই সন্তানের জন্য সর্বস্বত্যাগী এবং নিজস্ব স্বত্তাবিহীন - এই দৃষ্টিভঙ্গী মূলত পুরুষতান্ত্রিক সমাজের আদর্শিক ফ্রেমে মাকে আবদ্ধ করে ফেলে। একথা বলিউড ও বাংলাদেশের অনেক ছবির ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু মায়েরও রয়েছে স্বতন্ত্র ব্যক্তিত্ব ও অধিকার।

কিন্তু বাণিজ্যিক ধারায় নির্মিত সিনেমাগুলো মায়ের প্রতি দর্শকের শ্রদ্ধা ও আবেগকে ব্যবহার করে এবং সমাজের প্রচলিত রীতিনীতিকে দৃঢ় করে মাত্র। পুরুষতান্ত্রিক সমাজের ছাঁচে ঢালা মায়ের চরিত্রগুলো মাকে ক্ষমতাবান করে না বা মায়ের অধিকারের পক্ষে দাঁড়ায় না বরং মাকে আরও পরনির্ভরশীল হতে উদ্বুদ্ধ করে। যেমন সুপারহিট ‘আম্মাজান’ ছবিটি।

‘আম্মাজান’ ছবিতে অভিনয় করেছিলেন শবনম ও মান্না। কিশোর বয়সে মাকে ধর্ষণের শিকার হতে দেখে ছেলে। তারপর থেকে মা কথা বলেন না তার সঙ্গে। বড় হয়ে মায়ের প্রতি নির্যাতনের শোধ নেয় ছেলেটি।

এই গল্পে মাকে সম্মানের আসনে বসিয়ে প্রায় ‘দেবীত্বে’ উন্নীত করা হয়েছে, কিন্তু ভুলে যাওয়া হয়েছে যে তিনিও মানবী। তারও রয়েছে সন্তানের কাছ থেকে সান্তনা পাওয়ার মানবিক অধিকার।

তারপরও অনেক চলচ্চিত্র মা এবং মায়ের আত্মত্যাগকে চিত্রায়িত করেছে। সুখে, দুঃখে, আনন্দ বেদনায় যে সাধারণ নারী সে যখন মায়ের ভূমিকায় অসামান্য হয়ে ওঠে তখন রূপালি পর্দায় তার চিত্রায়ন মানুষকে আবেগে আপ্লুত করে ও তার মনকে নিয়ে যায় শৈশবের মাতৃ-মুগ্ধ অনুভূতিতে।