'রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে চলেছি'
অগ্রজ রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক বলেন, তার জীবনের প্রতিটি বাঁকে রবীন্দ্রনাথ মিশে আছেন। বাংলাদেশে রবীন্দ্রচর্চার অন্যতম পুরোধাদের সান্নিধ্যে মিতা হক শুধু নিজেকে ঋদ্ধ করেননি, নিজেও সেক্ষেত্রে পালন করছেন অগ্রণী ভূমিকা। তার মেয়ে ফারহিন খান জয়িতা রবীন্দ্রসংগীতকে পেয়েছেন উত্তরাধিকার হিসেবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে গ্লিটজের মুখোমুখি হয়েছিলেন মিতা হক ও জয়িতা।
গ্লিটজ: পুরোদস্তুর রাবীন্দ্রিক পরিবারে আপনার জন্ম। শৈশবের রবীন্দ্রচর্চার সেই আবহ কেমন ছিলো?
মিতা হক: রবীন্দ্রনাথ শুরুতেই কিন্তু আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর হিসেবে আসেননি। আমি তাকে সেভাবে পাইনি। আমার জন্মের পর আমি দেখেছি আমার বাড়িতে কেবল রবীন্দ্রসংগীতের চর্চাই হতো। মা-বাবা, চাচা-মামা, চাচী-ফুফু সবাই রবীন্দ্রসংগীত গাইতেন। কথা ও সুর ঠিক হোক বা না হোক, আমি তখন খুব আনন্দের সঙ্গে গানগুলো গাইতাম।
চাচা ওয়াহিদুল হকের সঙ্গে গানের আসরে বসলে দেখা যেত, আমি একের পর এক রবীন্দ্রসংগীতই তুলে যাচ্ছি। আমি প্রতিদিনই নতুন নতুন রবীন্দ্রসংগীত তুলতে শুরু করলাম। ঐ গানগুলোর প্রতি আমার একটি নেশা তৈরি হয়ে গেলো। আমি উপলদ্ধি করলাম, আমার আর অন্য গান গাইতে ভালো লাগতো না| তখন থেকেই আসলে রবীন্দ্রনাথের গানই করবো বলে মনস্থির করলাম।
গ্লিটজ: আপনার রবীন্দ্রদর্শন নিয়ে কিছু বলুন?
মিতা হক: রবীন্দ্রনাথ আমার কাছে কখনো পোশাকি বিষয় ছিলো না। রবীন্দ্রনাথের গান একেবারে রক্তের সঙ্গে মিশে গেছে আমার। আমার শৈশব-কৈশোর কেটেছে রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে। রবীন্দ্রনাথকে একেবারে সঙ্গে নিয়ে চলেছি আমি। আমি প্রতিনিয়ত নতুনভাবে নতুন বোধে-অনুভূতিতে, প্রাপ্তি-হারানোতে নতুনভাবে রবীন্দ্রনাথকে আবিষ্কার করি।
গ্লিটজ: তবে কি রবীন্দ্রনাথই আপনার প্রথম প্রেম!
মিতা হক: (খানিকটা থমকে গিয়ে) অবশ্যই। নির্দ্বিধায় বলতে পারি রবীন্দ্রনাথই আমার প্রথম প্রেম। রবীন্দ্রনাথই আমার প্রাণপুরুষ। প্রতিদিন যখন রবীন্দ্রনাথকে আমি নতুনভাবে আবিষ্কার করি, তখন বিস্মিত হই।
গ্লিটজ: স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের বড় অংশ জুড়ে আছেন রবীন্দ্রসংগীতশিল্পীরা। সেই সাংস্কৃতিক আন্দোলনের পুরোধাদের সান্নিধ্যেও এসেছেন আপনি। সে সময়ের রবীন্দ্রচর্চা কেমন ছিল?
মিতা হক: ওয়াহিদুল হক, সনজীদা খাতুন ছাড়াও আফসারী খানম, ফাহমিদা খাতুন, কলিম শরাফী, আফসারী খানম, আতিকুল ইসলামের মতো গুণীজনদের সান্নিধ্যে আসার সৌভাগ্য হয়েছে আমার। তাদের কাছের মানুষ হওয়ার সুবাদে আমি তাদের যুদ্ধ-লড়াই দেখেছি। তাদের সাংস্কৃতিক আন্দোলনের উপর ভিত্তি করেই বাঙালির জনমত তৈরি হয়েছিলো। তাদের বিপ্লব বাঙালির মধ্যে শুদ্ধ সাংস্কৃতিক চেতনার স্ফূরণ ঘটিয়েছিলো। আরও কিছুদিন পরে একবারে প্রত্যন্ত অঞ্চলেও রবীন্দ্র চর্চা শুরু হয়ে গেলো। ১৯৮০ সালে গঠিত হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। শুধু ঢাকাতে নয়, দেশের আনাচে-কানাচে রবীন্দ্রসংগীতশিল্পীদের প্রশিক্ষণ দিতে আমরা ছড়িয়ে গেলাম দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে।
গ্লিটজ: পঁচাত্তর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে রবীন্দ্রসংগীত চর্চার উপর বেশ বাধাই এসেছিলো।
মিতা হক: ওহ! সে কি বাধা! আমাদের গাওয়া রবীন্দ্রসংগীত বিটিভিতে চলতে হলে আমাদের আগেভাগে গান জমা দিতে হতো। কতটা মুর্খ হলে সে সময়ের প্রোগ্রাম প্রডিউসাররা রবীন্দ্রসংগীতের কথায় হিন্দুয়ানির অভিযোগ তুলতেন। গানের লিরিকে ‘প্রভু’, ‘নাথ’, ‘দেবতা’, ‘পূজা’ এসব শব্দ থাকলে তাদের ব্যপক আপত্তি ছিলো। আমাদের এমন বাজে সময় পার করতে হয়েছে। যাদের মধ্যে এ ব্যাপারটি ছিলো তারা এখনো সে প্রভাবমুক্ত হতে পারেনি।
গ্লিটজ: সত্তর-আশির দশকের রবীন্দ্রসংগীতের চর্চার সঙ্গে একালের চর্চার তফাৎ আসলে কোথায়? একালের রবীন্দ্রচর্চা নিয়ে আপনার ভাবনা কি?
মিতা হক: রবীন্দ্রনাথের চর্চা আর এখন একমুখী নয়। সংস্কৃতির চর্চা এখন মুক্ত। চর্চা কিন্তু এখনো একই লেভেলে আছে। ঠিকপথেই এগুচ্ছে। কিন্তু এখন মিডিয়ার বড় প্রভাব পড়েছে রবীন্দ্রচর্চায়।
আমাদের সময়ে চর্চার মানে ছিলো, গানটি ভেতর থেকে আসতে হবে। গানের মর্ম বুঝতে হবে। দীর্ঘদিন শিল্পের সঙ্গে সহবাস করতে হবে। শিল্পী হতে গেলে দীর্ঘসূত্রিতার একটি ব্যাপার আছে যা এখন নেই।
আমি খুব ছোটবেলাতেই বিটিভি থেকে অফার পেয়েছিলাম তালিকাভুক্ত শিল্পী হওয়ার। কিন্তু বাবা আমাকে বাধা দিয়েছিলেন। বাবা ভাবতেন, ‘আমার মেয়ে এত অল্প বয়সে সুযোগ পেয়ে গেলে ভাবতে শুরু করবে, আমি কি হনু রে!’ কিন্তু এখন দেখা যাচ্ছে, বাবা-মায়েরা দশ-বারো বছর বয়সী বাচ্চাদের নিয়ে প্রচারণায় ভীষণ ব্যস্ত। নিজের সন্তানকে কত জায়গায় কিভাবে ফোকাস করবেন সে চিন্তায় অস্থির তারা।
শুদ্ধ সংস্কৃতির চর্চার সঙ্গে লোভ যুক্ত হয়েছে, যা আমাদের সংস্কৃতিচর্চাকে তরলায়িত করেছে।
গ্লিটজ: আমাদের দেশে রবীন্দ্রসংগীতের বেশকটি প্রতিষ্ঠান রয়েছে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সংগীত বিষয়টি রয়েছে। তবুও বাংলাদেশি শিক্ষার্থীরা কিন্তু শান্তিনকেতন-বিশ্বভারতীতেই যাচ্ছে উচ্চতর প্রশিক্ষণের জন্য।
মিতা হক: আমাদের ব্যর্থতা, আমাদের সংগীত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে আমরা সে পর্যায়ে নিয়ে যেতে পারিনি যে, শিক্ষার্থীরা পুরোপুরিভাবে আমাদের উপরই নির্ভর করবে।
গ্লিটজ: আপনার কি মনে হয়, রবীন্দ্রনাথের চর্চা কোথায় বেশি হচ্ছে পশ্চিমবঙ্গে না বাংলাদেশে?
মিতা হক: অবশ্যই বাংলাদেশে। ওপাড় বাংলার লোকেরা কিন্তু আমাদের শিল্পীদের গায়কীকে সাংঘাতিকভাবে পছন্দ করেন। রবীন্দ্রনাথের সঙ্গে বাঙালির প্রাত্যহিক সংযোগকে তারা ঐশ্বরিকভাবে দেখে।
পশ্চিমবঙ্গের শিল্পীদের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি কোনো একটি প্রতিষ্ঠান থেকে পাস করার কদিনের মাথায় জনপ্রিয় হয়ে গেলো তো আর রবীন্দ্রসংগীত গাইছেন না। তারা নিজেদের স্বরচিত গান গাইছে, নয়তো নানা গানের ককটেল বানাচ্ছে। আমরা যারা রবীন্দ্রসংগীত গাই তারা হুট করেই অন্য গান গাইতে এত স্বাচ্ছন্দ্যবোধ করবো না।
গ্লিটজ: খালেদ খানের সঙ্গে আপনার পরিচয়ের সূত্রও কি তবে রবীন্দ্রনাথ?
মিতা হক: আমার চাচা ও গুরু ওয়াহিদুল হক কিন্তু খালেদ খানেরও গুরু। খালেদ খুব ভালো রবীন্দ্রসংগীত গাইতেন, আবৃত্তি করতেন। একদিনই দেখা হয়েছিলো চাচার বাসায়। তারপর ১৯৮১ সালে বাংলা একাডেমিতে রবীন্দ্রসংগীত সম্মিলিন পরিষদের একটি আয়োজনে নাগরিক নাট্যসম্প্রদায় মঞ্চস্থ করলো ‘অচলায়তন’ নাটকটি। নাটকে খালেদ অভিনয় করলেন ‘পঞ্চক’ চরিত্রে। সে চরিত্রে অভিনয় করতে গিয়ে খালেদের অভিনয়, গান, উপস্থিতি আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছিলো। সে থেকেই পরিচয়ের শুরু।
গ্লিটজ: রবীন্দ্রনাথকে নিয়ে আপনাদের দুজনের সম্মিলিত কোনো পরিকল্পনা ছিল কি, যা বাস্তবায়িত হয়নি?
মিতা হক: আমি আর খালেদ দুজন কখনো রবীন্দ্রনাথকে নিয়ে বিচ্ছিন্নভাবে কোনো পরিকল্পনা করিনি। আমাদের দুজনের প্রাত্যহিক জীবনের ভাবনা-বিশ্বাস, চাহিদা-আকাঙ্ক্ষা, শৈল্পিক স্পৃহায় রবীন্দ্রনাথ এমনভাবে মিশে গেছেন যে তাকে নিয়ে সত্যি কখনো আলাদাভাবে কোনো পরিকল্পনা ছিলো না আমাদের।
গ্লিটজ: নবীন-প্রবীণ অনেক সংগীত পরিচালকই রবীন্দ্র সংগীতের গান নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন। তাদের এ নিরীক্ষাকে আপনি কিভাবে দেখেন?
মিতা হক: রবীন্দ্রনাথের গান নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কোনো সুযোগ নাই। একেবারে নবীনতম সুরকারের গানের ক্ষেত্রেও একই নিয়ম। কারও সৃষ্টিকর্ম নিয়ে নিজের মতো করে পরীক্ষা-নিরীক্ষা করা ঘোরতর অন্যায়। অনেকে গানের মধ্যে দু-চার কলি রবীন্দ্রসংগীতের কথা ব্যবহার করছে, এটা খুব অন্যায় হচ্ছে।
গ্লিটজ: ফেলে আসা সময়ের কথা বলি। তখন আপনাদের রবীন্দ্রসংগীতের অন্যরকম কদর ছিলো। প্রচার-প্রসারও ছিলো। কিন্তু কালের আবর্তনে সে প্রচার-প্রসারে কি ভাটা পড়েছে?
মিতা হক: শুদ্ধ-সুস্থ সংগীতের চর্চা সবসময় কম। সাধারণের চোখ-কান সবসময় হালকা কিছু খুঁজে। সারবস্তুওয়ালা কিছুকে তারা সহজে গ্রহণ করতে পারে না। এজন্য যে মাথা খাটানো চাই, একাত্মতা চাই। তবে হালকা কিছুর স্থায়িত্ব সবসময় কম।
গ্লিটজ: রবীন্দ্র জন্মজয়ন্তীতে আপনার সংগীতস্কুল সুরতীর্থের কি আয়োজন থাকছে?
মিতা হক: ছায়ানটের আয়োজনে সুরতীর্থ রবীন্দ্রনাথের ভাঙ্গা গান পরিবেশন করবে। রবীন্দ্রনাথ শুধু বাউল প্রভাবিত গানই লেখেননি, একইসঙ্গে আইরিশ, সাউথ ইন্ডিয়ান, হিন্দি ভজনসহ নানা ধারার গান থেকে প্রভাবিত হয়ে সংগীত রচনা করেছিলেন। সে গানগুলোকেই আমরা বলছি ভাঙ্গা গান।
ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জয়িতা: আমার গান শেখার ধরন একেবারেই অন্যরকম। আমাদের পরিবারে রবীন্দ্রনাথ এত ব্যপকভাবে চর্চিত হন, ব্যাপারটিতে আমার অন্যরকম গর্ব হতো। আমি খুব ঘটা করে রবীন্দ্রসংগীত শিখিনি। বাবা একদিন গানের আসরে বললেন, রবীন্দ্রনাথের গানের কথা-ভাব না বুঝলে রবীন্দ্রসংগীত গাওয়া যায় না। বাবার একটি কথাই আমার মনে খেলে গেলো। আমি তখন রবীন্দ্রসংগীতের প্রতিটি শব্দের অর্থ খুঁজতে চেষ্টা করছি। তখন থেকে মনে হতো, রবীন্দ্রসংগীত ছাড়া আমার গাইবার কিছু নেই। আমি রবীন্দ্রসংগীতই গাইতে লাগলাম।
গ্লিটজ: আপনার সমসাময়িক শিল্পীরা তো আধুনিক গান গেয়ে নাম কুড়াচ্ছেন, তাদের অ্যালবাম প্রকাশিত হচ্ছে। মিডিয়া কভারেজও পাচ্ছেন তারা। আপনার কখনো আক্ষেপ হয়?
জয়িতা: আমি এভাবে কখনো ভেবে দেখিনি। আমার লাইমলাইটে আসার কোনো প্রবণতা নেই। আমি খুব আনন্দে গান করি, মন থেকে গান করি। আমার মধ্যে সিরিয়াসনেস ব্যাপারটি একদম নেই। সত্যি বলতে আমি রবীন্দ্রনাথের গান নিয়ে যত ভাবি, অন্য গান নিয়ে এত ভাবি না। আমি আসলে নিজের ক্যারিয়ারের ব্যাপারে একটু অনিয়মই করে ফেলেছি। হয়তো তাতে ক্ষতিই হয়েছে। কিন্তু আমি তো এমনই!
গ্লিটজ: আপনার প্রজন্মের রবীন্দ্রসংগীতশিল্পীদের অনেকের অভিযোগ, অ্যালবাম বের করতে হলে পৃষ্ঠপোষকতার বড় অভাব। আপনিও কি তাই মনে করেন?
জয়িতা : আমারও তাই মনে হয়। আমাদের মায়েদের সময় প্রকাশনা সংস্থা শিল্পীকে টাকা দিয়ে তবেই তার গানের অ্যালবাম প্রকাশ করতো। আর এখন নিজের গাঁটের পয়সা খরচ করে অ্যালবাম প্রকাশ করতে হয়। এটা কষ্টকর ব্যাপার। পৃষ্ঠপোষকতার সত্যি খুব অভাব রয়েছে।
আমার পরের অ্যালবামটি আসছে বেঙ্গল থেকে। এরপর কোনো অ্যালবাম প্রকাশ করতে হলে আমি অনলাইন মাধ্যমের কথাও মাথায় রাখবো।
গ্লিটজ: মা-বাবার গাওয়া কোন গানগুলো আর কারও গলায় শুনতে চাননি?
জয়িতা: মায়ের গলায় ‘এ পরবাসে রবে কি হায়’, ‘বাসন্তী হে ভুবনমোহিনী’, ‘কোন খেলা যে খেলবো কখন’, ‘মাঝে মাঝে তবুও দেখা পাই’ আর বাবার গলায় ‘দূরে কোথাও দূরে দূরে’, ‘আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা’, ‘ও চাঁদ চোখের আলোয় লাগলো জোয়ার’, ‘শুন্য হাতে ফিরি হে’।
