২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লকবাস্টার খানের 'ওয়ান্টেড' হয়ে ওঠা 

মুখে সোনার চামচ নিয়েই তার জন্ম। চিত্রনাট্যকার সেলিম খানের বড় ছেলে হিসেবে বলিউডে স্থান করে নিতে তেমন বেগ পেতে হয়নি সালমানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আইএএনএস/ গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 04:11 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

শুরুটা হয়েছিল পার্শ্ব-চরিত্রে অভিনেতা হিসেবে (‘বিবি হো তো অ্যায়সি’ ,১৯৮৮), কিন্তু এক বছরের মধ্যেই দর্শকদের নজরে চলে আসেন ‘ম্যায়নে প্যার কিয়া’ সিনেমার মাধ্যমে। মাত্র ২২ বছর বয়সে তিনি হয়ে ওঠেন বলিউডের প্রথম সারির নায়ক।

নিখাঁদ প্রেমের গল্প থেকে ধুন্ধুমার অ্যাকশন, পারিবারিক নাটকীয়তা থেকে হাস্যরসে ভরপুর বিনোদন - সব ধরনের সিনেমায় অভিনয় করেছেন এই তারকা। সমালোচকদের মন গলাতে না পারলেও দর্শকের হৃদয়ে সালমানের স্থান কতখানি, তা বক্স-অফিসের হিসাবই বলে দেয়।

প্রায় তিন যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি জনসেবামূলক কাজের জন্যেও আলাদাভাবে পরিচিতি পেয়েছেন সালমান। প্রতিষ্ঠা করেছেন নিজের দাতব্য সংস্থা ‘বিয়িং হিউম্যান’, যার মাধ্যমে ভারতের দরিদ্র জনগোষ্ঠীকে নানাভাবে সাহায্য করে চলেছেন। 

উদার মানসিকতার জন্য হিন্দি সিনে পাড়াতেও ব্যাপক জনপ্রিয় তিনি। ক্যাটরিনা কাইফ, সোনাক্শি সিনহা, অর্জুন কাপুর - নিজেদের সাফল্যের জন্য এক বাক্যে সালমানের অবদানের কথা স্বীকার করে নেন।

এছাড়া সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়া এবং সাজিদ-ওয়াজিদের সাফল্যের পেছনেও রয়েছে সালমানের হাত।

কিন্তু একাধিক আইনি ঝামেলা তার তারকা খ্যাতিতে অনেকটাই ম্লান করে দিয়েছে। ২০০২ সালের গাড়ি দুর্ঘটনা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে তার। মাথার উপর এখনও ঝুলছে আরেকটি মামলা।

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে বিপন্ন প্রজাতির কৃষ্ণ হরিণ শিকারের পর আইনি ঝামেলায় জড়ান এই অভিনেতা। পরিস্থিতি আরও ঘোলাটে হয়, যখন তদন্তে বেরিয়ে আসে শিকারের সময় ব্যবহার করা তার অস্ত্রটিও ছিল বেআইনি।

হরিণ শিকার করার ঘটনায় এক সঙ্গে দুটি মামলায় ফেঁসে যান সালমান। এখনও সেই মামলাগুলোর শুনানি হয়নি।

এদিকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হাইকোর্ট থেকে দুদিনের জামিনে মুক্ত হয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন তিনি।  

বলিউডি প্রযোজকদের একটি বড় অংশ লাভের জন্য নির্ভর করে থাকেন এই অভিনেতার উপর। আদালতের পরবর্তী রায়ের ওপরই নির্ভর করছে তাদের ভাগ্য।