নেপালের পাশে মুম্বাই সিনেপাড়া
ভূমিকম্পবিদ্ধস্ত নেপালের পাশে এসে দাঁড়িয়েছেন মুম্বাই সিনেপাড়ার অনেক তারকা। নিজেরা অর্থ সাহায্যের পাশাপাশি ভক্তদের প্রতি সাহায্যের আবেদন জানাতেও ভুলছেন না তারা।
মুম্বাইয়ের তারকা আলোকচিত্রী নেপালী বংশোদ্ভূত রোহান শ্রেষ্ঠর আবেদনে সাড়া দিয়েছেন দিয়া মির্জা, আলিয়া ভাট, কারান জোহার। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাবার, ওষুধসহ ত্রাণসামগ্রী কেনার জন্য অর্থ সহায়তার পাশাপাশি টুইটার ও ফেইসবুকে এ বিষয়ে সরব হয়েছেন দতারা তারা। তাদের উদ্যোগে খোলা নেপালী রিলিফ পেইজে এর মধ্যেই সাড়া মিলেছে সাধারণ জনগণের তরফ থেকে।
অভিনেতা কুনাল কাপুর টুইটারে ‘জয়েন হ্যান্ডস ফর নেপাল’ নামের একটি উদ্যোগ নিয়েছেন। অভিনেত্রী এবং প্রযোজক দিয়া মির্জা এই উদ্যোগের স্বপক্ষে ভারতীয় দৈনিক মিড-ডেকে বলেছেন, “উদ্যোগ থেকে সংগৃহীত অর্থ চলে যাবে কেয়ার ইন্ডিয়ার কাছে, যাদের এই বিষয়ে চমৎকার কাজের ইতিহাস রয়েছে। আমরা রোহান শ্রেষ্ঠকেও সাহায্য করছি। ২ মে তিনি ত্রাণসহায়তা নিয়ে রওনা দেবেন নেপালের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, যেখানে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে।"
তবে নেপালে সাহায্য পাঠানোর নামে প্রতারকদের কাছ থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন নির্মাতা মহেশ ভাট। তিনি বলেন, “আপনার দানকৃত অর্থ এবং ত্রাণসামগ্রী সত্যিই ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিচ্ছে - এমন সংগঠনের হাতে পড়া খুবই গুরুত্বপূর্ণ। হারমনি ফাউন্ডেশনের সহায়তায় আমরা দিন রাত খাটছি আক্রান্তদের জন্য তহবিল গঠনে। আমি অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন। আমার মেয়ে আলিয়াও এ ব্যাপারে টুইটারে প্রচার চালাচ্ছে।”
এদিকে শাহরুখ খান, আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়াদের মতো তারকারা নেপালের হেল্পলাইনের নাম্বার পোস্ট করে তাদের অনুসারীদের উৎসাহিত করেছেন দেশটির মানুষদের সহায়তা প্রদানে।
শাহরুখের টুইট, “আল্লাহ যেন সবাইকে দেখে রাখেন। এখানে নেপালে জরুরী ভিত্তিতে যোগোযোগের জন্য ফোন নাম্বারগুলো দেওয়া হল। শেয়ার করুন, সাহায্য করুন। নেপালের সবার জন্য প্রার্থনা।”
প্রিয়াঙ্কার টুইট, “নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সবার জন্য প্রার্থনা। প্রকৃতির নিষ্ঠুরতার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। এই জরুরী ভিত্তিতে যোগাযোগের নাম্বারগুলো শেয়ার করুন। নীরব প্রার্থনা।”
আনুশকা শর্মার টুইট, “পুরোপুরি ভেঙে পড়েছি নেপালে ভূমিকম্পের খবর শুনে। দৃশ্যগুলো খুবই ভয়ঙ্কর। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সবাইকে দেখে রাখার জন্য।”
তারকাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। নির্মাতা অনুভব সিনহা, যার নেপালী গৃহকর্মী এই ভূমিকম্পে নিখোঁজ হন, তিনি বলেন, “যখন অভিনয়শিল্পীরা এভাবে স্থানীয় মানুষদের আহ্বান জানান এরকম একটি ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে, তখন তারা সত্যিই কিছু একটা করার তাগিদ অনুভব করে। বলিউড সবসময়ই এরকম প্রাকৃতিক দুযর্োগে আক্রান্তদের পাশে দাঁড়ানোর ব্যাপারে এগিয়ে থেকেছে।”
এদিকে শোনা যাচ্ছিল আক্শায় কুমারের নতুন সিনেমা 'গাব্বার ইজ ব্যাক'-এর প্রথম দিনের আয় দান করা হবে নেপালীদের জন্য গড়ে তোলা তহবিলে। কিন্তু টুইটারে আক্শায় জানান, বিষয়টি গুজব ছাড়া কিছুই নয়।
“গুজব শুনলাম, আমি নাকি ‘গাব্বার ইজ ব্যাক’-এর প্রথম দিনের আয়ের অর্থ নেপালীদের উদ্দেশ্যে দানের ঘোষণা দিয়েছি। প্রথমত আমি সিনেমাটির প্রযোজক নই, আর তাই এটা আমার সিদ্ধান্ত নয়। তার চেয়েও বড় কথা, নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আমার সিনেমার মুক্তি পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই।”
