'গেইম অফ থ্রোন্স নারীবিদ্বেষী নয়'
নারীর প্রতি যৌন সহিংসতা দেখানোর কারণে বরাবরই বিতর্কিত হয়েছে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোন্স’। কিন্তু সিরিজটিকে 'নারীবিদ্বেষী' বলতে নারাজ সিরিজের অন্যতম প্রধান চরিত্রের অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক।
‘গেইম অফ থ্রোনস’ - এ ডেনেরিস টারগেরিয়েন চরিত্রের এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, সিরিজের নারী চরিত্রগুলো আরও শক্তিশালী হয়ে উঠছে।
তিনি বলেন, "আপনি দেখবেন যে, এই অনুষ্ঠানের নারীরা নিজেদের প্রকৃত সত্তাকে স্বীকার করে নেয় এবং এতটা শক্তিশালীভাবে তার রূপায়ন ঘটায় যে তা স্পষ্টভাবে অনুভব করা যায়। আমি মনে করি এটাই এই শোয়ের সৌন্দযর্ যে - নারী হিসেবে আমরা নিজেদের নারীত্বকে স্বীকার করে নেই এবং তা থেকে শক্তি অর্জন করি, নারীত্বকে গোপন করে পুরুষের মতো আচরণ করি না।"
ক্লার্ক আরও বলেন, "মানুষ ডেনেরিস চরিত্রটিকে এখন একজন শক্তিশালী নারীর প্রতিরূপ হিসেবে দেখতে শুরু করেছে।"
এইচবিওর টিভি সিরিজ 'গেইম অফ থ্রোন্স'-এ মধ্যযুগীয় বর্বরতা ফুটিয়ে তুলতেই হয়তো নারীর প্রতি যৌন সহিংসতা দেখানো হয়েছে বার বার। সম্প্রতি সিরিজের একটি চরিত্র সারসেই ল্যানিস্টারকে তার ছেলের শবদেহের পাশে তার প্রেমিক ও ভাই জেইমি ল্যানিস্টারের যৌনকর্মে বাধ্য করার দৃশ্যটি নতুন করে বিতর্কের জন্ম দেয়।
