২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানকে বাঁচাতে মিথ্যা সাক্ষ্য?

২০০২ সালের গাড়ি দুর্ঘটনা মামলায় দোষ স্বীকার করে দেওয়া ভারতীয় অভিনেতা সালমান খানের গাড়ি চালকের সাক্ষ্য নামঞ্জুর করেছেন আদালত। মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য শাস্তিও হতে পারে তার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 01:50 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

এর আগে শুনানিতে চালক অশোক সিং বলেন, দুর্ঘটনার সময় গাড়ি তিনি চালাচ্ছিলেন। তার এই স্বীকারোক্তিকে ‘সন্দেহজনক’ বলে তা গ্রহণ করেননি আদালত।

বাদী পক্ষের আইনজীবীর অভিযোগ, সালমানকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষ্য দিয়েছেন অশোক।

নতুন করে এই মামলার বিচার শুরু হবার পর কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান খান বলেন, ঘটনার দিন চালকের আসনে ছিলেন না তিনি, গাড়ি চালাচ্ছিলেন অশোক সিং। এরপরই সাক্ষ্য দিতে এসে দুর্ঘটনার রাতে গাড়ি চালানোর কথা স্বীকার করেন অশোক।

বাদী পক্ষের আইনজীবীর দাবী, সালমানের বাবা সেলিম খানের নির্দেশে এই মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হয়েছেন ড্রাইভার অশোক সিং।

২০০২ সালের সেপ্টেম্বরের এক রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমানের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে ফুটপাতে ঘুমিয়ে থাকা ছিন্নমূল চার ব্যাক্তি আহত হয় এবং একজন মারা যায়।  

সালমান বিরুদ্ধে দায়ের করা মামলায় বলা হয়, মদ্যপান করে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে একে ‘দুর্ঘটনা’ নয় বরং ‘হত্যাকাণ্ড’ বলে অভিহিত করে নতুন করে বিচার শুরু হয়।

পুরনো খবর:

সব অভিযোগ মিথ্যা: সালমান খান
সালমানের চালকের দোষ স্বীকার