২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তমবিহীন সুচিত্রার পাঁচ সিনেমা

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন। মহানায়ক উত্তম কুমারের বিপরীতে অভিনীত ছবিগুলোর জন্যই তার জনপ্রিয়তা ছিল সর্বাধিক। কিন্তু সুচিত্রা সেন এক সময় নিজেকে প্রমাণ করতে চেয়েছেন এবং প্রমাণ করেছেনও যে উত্তম ছাড়াও তিনি সফল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 01:56 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

উত্তমবিহীন সুচিত্রার যে ছবিগুলো তার অসামান্য অভিনয় প্রতিভার পরিচয়বাহী হয়ে আছে তার মধ্যে পাঁচটি সেরা ছবি নিয়ে আমাদের আয়োজন।

দেবদাস

১৯৫৫ সালে মুক্তি পাওয়া ‘দেবদাস’ ছিল সুচিত্রা অভিনীত প্রথম হিন্দি ছবি। বিমল রায়ের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছিলেন দিলিপ কুমার(দেবদাস), সুচিত্রা (পারু)এবং বৈজয়ন্তিমালা(চন্দ্রমুখী)। ছবিটির সংগীত পরিচালনায় ছিলেন শচীনদেব বর্মণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ধ্রুপদী উপন্যাস দেবদাসের পার্বতী জীবন্ত হয়ে উঠেছিল সুচিত্রার মধ্যে। পারু চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান।

দীপ জ্বেলে যাই

১৯৫৯ সালে মুক্তি পায় ‘দীপ জ্বেলে যাই’। অসিত সেনের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন (রাধা), বসন্ত চৌধুরী (দেবাশীষ ও তাপস), পাহাড়ী স্যান্নাল (মনোবিজ্ঞানী)। আশুতোষ মুখোপাধ্যায়ের ছোট গল্প ‘নার্স মিত্র’র চলচ্চিত্র রূপ ছিল ‘দীপ জ্বেলে যাই’। ছবিটির সংগীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হাসপাতালের সেবিকা রাধা। মেন্টাল ওয়ার্ডের নার্স তিনি। মনোবিজ্ঞানী পাহাড়ী স্যান্নাল মনে করেন মানসিক রোগীকে ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলা সম্ভব। প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারানো রোগী তাপস(বসন্ত চৌধুরী)কে সুস্থ করার জন্য তার সঙ্গে প্রেমের অভিনয় করতে রাধাকে পাঠান তিনি। আগেও দেবাশীষ (এই চরিত্রেও ছিলেন বসন্ত চৌধুরী) নামে অন্য এক রোগীকে সুস্থ করার জন্য একই অভিনয় করতে হয়েছিল রাধাকে। যদিও আসলেই তাকে ভালোবেসে ফেলেন রাধা। তাপসের সঙ্গে আবার একই ভূমিকা পালন করতে গিয়ে রাধা নিজেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। নায়িকাকেন্দ্রিক এ সিনেমায় নায়ক ( বসন্ত চৌধুরী) কে সুস্থ করে তোলার জন্য রাধার অভিনয়, তার ভালোবাসা এবং শেষ পর্যায়ে নিজেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া -  এ অভিব্যক্তিতে সুচিত্রা ছিলেন অনবদ্য। বস্তত, এ চরিত্রে অভিনয়ের জন্য জন্য বাংলায় তখন সুচিত্রা ছাড়া দ্বিতীয় কোনো অভিনেত্রী ছিলেন না। ছবির শেষে সুচিত্রার উচ্চারিত সংলাপ, ‘আমি অভিনয় করতে জানি না’ দর্শককে কাঁদিয়েছে।

সাত পাকে বাঁধা

১৯৬৩  সালে মুক্তি পায় ‘সাত পাকে বাঁধা’। পরিচালক ছিলেন অজয় কর। নায়ক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ‘সাতপাকে বাঁধা’র অর্চনা চরিত্রে অনন্য অভিনয় করেন সুচিত্রা সেন। অর্চনা ধনী পরিবার থেকে আসা এমন এক মেয়ে যে ভালোবেসে বিয়ে করে দরিদ্র পরিবারের মেধাবী তরুণ সৌমিত্রকে। বিয়ের পর তার সংসারে ধনী বাবা-মায়ের অযাচিত দান অশান্তি ও বিপর্যয় নিয়ে আসে। অর্চনা দরিদ্র প্রেমিক-স্বামীকে যেমন ভালোবাসে তেমনি উপেক্ষা করতে পারে না নিজের বাবা-মাকেও। প্রেম ও পরিবারের দ্বন্দ্বে বিপর্যস্ত অর্চনাকে পর্দায় সার্থক করে তুলেছিলেন সুচিত্রা।  ‘সাতপাকে বাঁধা’ চলচ্চিত্রের জন্য ১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর সম্মাননা সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস অর্জন করেন তিনি। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে তিনিই প্রথম এ সম্মান পান।

উত্তর ফাল্গুনী

১৯৬৩ সালেই মুক্তি পায় সুচিত্রা অভিনীত ‘উত্তর ফাল্গুনী’। এ সিনেমায় যেন নিজেকেই ছাড়িয়ে যান তিনি। এখানে তিনি ছিলেন দ্বৈত চরিত্রে। ছবিটির পরিচালক ছিলেন অসিত সেন। নায়ক ছিলেন বিকাশ রায়। নায়িকাকেন্দ্রিক ছবিটির প্রযোজক ছিলেন উত্তম কুমার। নিহার রঞ্জন গুপ্তের লেখা কাহিনি। দেবযানীর প্রেমিক মনীষ রায় (বিকাশ রায়)। মনীষ ধনী, দেবযানী দরিদ্র। উচ্চশিক্ষার জন্য বিদেশে যায় মনীষ। এদিকে দেবযানীর বিয়ে হয়ে যায় রাখাল ভটচায নামে এক লম্পট মাতালের সঙ্গে যে টাকা ধার দিয়েছিল দেবযানীর বাবাকে। দেবযানীর মেয়ে সুপর্ণা (সুচিত্রা)। অভাব-অনটনে এবং স্বামীর নির্যাতনে বাইজির জীবন বেছে নিতে হয় দেবযানীকে। কিন্তু নিজের মেয়েকে এই কলঙ্কের হাত থেকে বাঁচাতে পরিচয় গোপন রেখে তাকে কনভেন্টে পাঠিয়ে দেন দেবযানী। সেখানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে স্থান করে নেয় সুপর্ণা। সুপর্ণার প্রেমিক ব্যারিস্টার ইন্দ্রনীল। এদিকে দেবযানীর সঙ্গে মনীষের আবার দেখা হয়। কিন্তু সে তখন প্রসিদ্ধ নর্তকী পান্না বাই। দেবযানী ও সুপর্ণা - দুই নারীর জীবনকে পর্দায় মূর্ত করে সুচিত্রা প্রমাণ করলেন তিনি শুধু সুন্দরী ও সু-অভিনেত্রীই নন, তিনি মহানায়িকা। এ ছবিটি সেরা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় পুরস্কার পায়।‘উত্তর ফাল্গুনী’র হিন্দি রিমেইক হয় ‘মমতা’ নামে। মনীষ চরিত্রে অশোক কুমার এবং ইন্দ্রনীল চরিত্রে ধর্মেন্দ্র অভিনয় করেন। হিন্দি রিমেইকেরও পরিচালক অসিত সেন। ১৯৬৬ সালে ‘মমতা’র জন্য সেরা অভিনেত্রীর ফিল্ম ফেয়ার পুরস্কার পান সুচিত্রা।

আঁধি

১৯৭৪ সালে  মুক্তিপ্রাপ্ত ‘আঁধি’ ছিল সুচিত্রা অভিনীত শেষ হিন্দি ছবি। ‘আঁধি’ ব্যাপকভাবে প্রশংসিত হয়। ছবিটির পরিচালক ছিলেন গুলজার। সংগীত পরিচালনায় ছিলেন রাহুলদেব বর্মণ। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার আসরে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান। আর তার বিপরীতে অভিনয় করে সঞ্জীব কুমার সেরা অভিনেতার পুরস্কার জয় করেন। ‘আঁধি’তে তিনি ছিলেন আরতি দেবী নামে এক রাজনৈতিক নেত্রীর ভূমিকায়, যিনি একই সঙ্গে ব্যক্তিত্বময়ী, দৃঢ়, কঠোর আবার প্রেমময়ী ও কোমল। বলা হয়ে থাকে ইন্দিরা গান্ধীর ছায়া অবলম্বনে আরতি দেবীকে নির্মাণ করা হয়েছিল। সঞ্জীব কুমারের চরিত্রটি ফিরোজ গান্ধীর ছায়া অবলম্বনে নির্মিত হয়। পরিচালক গুলজার পরবর্তীতে এ কথা স্বীকার করেন যে ইন্দিরা গান্ধীর কথা চিন্তা করেই তিনি ছবিটি তৈরি করেছিলেন। কয়েকটি দৃশ্যের কারণে ছবিটি মুক্তির পর নিষিদ্ধ হয়েছিল। পরে কয়েকটি দৃশ্য পুর্নর্নিমাণ করে মুক্তি দেওয়া হয়। সুচিত্রা ছাড়া আরতি দেবীর চরিত্রটি ভারতের অন্য কোনো অভিনেত্রী এত সফলভাবে রূপায়িত করতে পারতেন কি না সন্দেহ।