তরুণদের চলচ্চিত্র নিয়ে বছরজুড়ে উৎসব
‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের তরুণ নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। ২৪ এপ্রিল শিল্পকলা একাডেমিতে উদ্বোধন হবে এ উৎসবের।
উৎসবটিকে বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘কার্যকর ও প্রয়োজনীয় কর্মসূচি’ হিসেবে দাবি করে আয়োজকরা বলেন, তরুণ নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের জন্য বলিষ্ঠ এক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এ উৎসব।
শনিবার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব পরিচালক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন বলেন, “বাংলাদেশের তরুণ চলচ্চিত্রকাররাই আগামী দিনের খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার হওয়ার যাত্রায় শামিল আছে। কিন্তু এই তরুণদের কজনই বা শেষ পর্যন্ত চলচ্চিত্রের বৃহত্তর পরিসরে টিকে থাকতে পারে! বাংলাদেশের তরুণদের নির্মিত চলচ্চিত্রগুলো যদি বড় পর্দায় দেখাই না গেলো, তাহলে তাদের সৃষ্টিশীলতার বিকাশ ঘটবে কি করে? এজন্য চাই নিয়মিত কর্ম প্রয়াস।”
আয়োজকরা জানিয়েছেন, প্রতি মাসের উৎসব সূচিতে থাকবে নতুন চলচ্চিত্র। প্রতি মাসের শুরুতে তারা তরুণ নির্মাতাদের কাছ থেকে চলচ্চিত্র আহ্বান করবেন।
বাংলাদেশের যে কোনো চলচ্চিত্র নির্মাতা তার সাম্প্রতিক সময়ে নির্মিত চলচ্চিত্র নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। একজন নির্মাতা একাধিক চলচ্চিত্র জমা দিতে পারবেন। তবে এক মাসে একটির বেশি নয়।
প্রতি মাসের ১-১০ তারিখের মধ্যে চলচ্চিত্র জমা পড়ার পর জুরি বোর্ড নিধর্ারণ করবেন কোন চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শনের যোগ্য। নির্বাচিত চলচ্চিত্রগুলো নিয়ে প্রতি মাসের শেষ শুক্রবার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দুই ঘণ্টার একটি প্রদর্শনী হবে।
উৎসবে সাত সদস্য বিশিষ্ট জুরি কমিটির প্রধান হিসেবে থাকছেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী।
মামুন জানিয়েছেন, ২০১৬ সালের এপ্রিলের শেষ শুক্রবার বসবে উৎসবের সমাপনী আসর। সমাপনী অনুষ্ঠানে এক বছরে বাছাইকৃত ও প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে তিনটি বিভাগে তিন জন নির্মাতাকে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। এছাড়া সারা বছরে প্রদর্শনের জন্য নির্বাচিত চলচ্চিত্রের নির্মাতাদের সম্মাননা সনদ প্রদান করা হবে।
উৎসবের সিনেমাগুলো দেখতে হলে দর্শককে টিকিট কেটেই ঢুকতে হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
