২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘ফিউরিয়াস সেভেন’

যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে ঢাকায় মুক্তি পাচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সপ্তম সিনেমা ‘ফিউরিয়াস সেভেন’। ৩ এপ্রিল থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 03:43 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারানোর আগে এটিই ছিল মার্কিন অভিনেতা পল ওয়াকারের শেষ সিনেমা। জনপ্রিয় এই অ্যাকশন রেসিং সিরিজের মাধ্যমেই রূপালি জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন ওয়াকার। মৃত্যুর আগে সিনেমাটির শুটিং অর্ধেক শেষ করে যেতে পেরেছিলেন তিনি। তার অনুপস্থিতিতে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে সপ্তম এই সিকুয়ালের কাজ।

তবে পরবর্তীতে পলের দুই ভাই ক্যালেব এবং কোডি ওয়াকারের সহায়তায় সিনেমাটি শেষ করেন নির্মাতারা। সম্প্রতি মুক্তি পাওয়া এই সিনেমার বর্ধিত ট্রেইলারে পল ওয়াকার অভিনীত শেষ কিছু দৃশ্যের ঝলক দেখা গেছে।

বরাবরের মতোই এবারের সিনেমাটিও পরিচালনা করেছেন জেমস ওয়ান। নিয়মিত চরিত্রে ফিরেছেন ভিন ডিজেল, ডোয়েইন জনসনের মতো তারকারা। সঙ্গে আরও আছেন, জেসন স্ট্যাথাম, মিশেল রড্রিগেজ, জর্ডান ব্রিউস্টার, টাইরিস গিবসন, লুকাস ব্ল্যাক এবং ক্রিস ব্রিজেস। 

শেষবারের মতো ব্রায়ান ও’কনরের চরিত্রে পল ওয়াকারের অভিনয় দেখার জন্যই মূলত অনেক দিন ধরে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে রয়েছে। এবারের পর্বে দেখা যাবে ওয়েন শ এবং তার দলকে হারিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে ডমনিক, ব্রায়ান এবং দলের বাকি সদস্যরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছে। কিন্তু ওয়েনের ভাই ডেকার্ড শ’ তার মৃত্যুর প্রতিশোধ নিতে আরও একবার উঠে পড়ে লাগে ডমিনিকদের পেছনে। এই চরিত্রেই এবার প্রথমবারের মতো সিরিজটিতে খলনায়ক হিসেবে অভিনয় করেছেন জেসন স্ট্যাথাম।

এবারের সিনেমায় সংক্ষিপ্ত এক চরিত্রে দেখা যাবে ভারতীয অভিনেতা আলি ফাজালকেও। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আর অ্যান্ড বি তারকা ইগি অ্যাজালিয়াও।