২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও 'স্কারফেইস'

সেলুলয়েডে আবারও ফিরছে 'স্কারফেইস'। সিনেমার কেন্দ্রীয় চরিত্র টনিকে আবার দেখা যাবে নতুন অবতারে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 08:11 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

'স্কারফেইস' - এর রিমেইক করার উদ্যোগ নিয়েছে ইউনিভার্সাল পিকচাসর্। তবে এবারের সংস্করণের চিত্রনাট্য হবে সম্পূর্ণ নতুন।

হলিউড রিপোর্টার বলছে, এবার 'স্কারফেইস'এর কাহিনি গড়ে উঠবে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এক ব্যক্তিকে নিয়ে। যে কোনো মূল্যে সফল এবং বিত্তবান হওয়াই যার জীবনের একমাত্র উদ্দেশ্য।

লস এঞ্জেলসে পা রেখেই সে জড়িয়ে পড়ে শহরের অপরাধ জগতের সঙ্গে। নৃশংসতা আর উচ্চাকাঙক্ষাকে সিড়ি বানিয়ে ধীরে ধীরে সাফল্যের চূড়ায় উঠতে চায় সে। এবারের রিমেইকে যুক্তরাষ্ট্রে মেক্সিকান মাদক ব্যবসায়ীদের চক্রের বিষয়টিই তুলে ধরা হবে।

নতুন 'স্কারফেইস' পরিচালনা করবেন চিলির নির্মাতা পাবলো ল্যারেইন। তবে টনি মন্টানার চরিত্রে পল মুনি আর আল পাচিনোর পর এবার কাকে দেখা যাবে, তা এখনও নিশ্চিত নয়।

'স্কারফেইস'এ আল পাচিনোর অভিনয় সিনেমাপ্রেমীদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি বললেন, নতুন ভাবে টনি মন্টানাকে পর্দায় দেখতে আপত্তি নেই তার।

"আমরা শিল্পীরা এটাই তো করি। পুরোনো কাজকে নতুনভাবে উপস্থাপন করাই আমাদের কাজ। এটা খারাপ কিছু নয়। কয়েকদিন আগে দেখা একটি সিনেমা হয়তো আমিও একদিন রিমেইক করবো।"

'স্কারফেইস'- এর যাত্রার শুরুটা ১৯২৯ সালে। সে বছর প্রকাশিত হয় আর্মিটেজ ট্রেইলের লেখা উপন্যাসটি। ১৯৩২ সালে এ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেন হাওয়ার্ড হকস এবং রিচার্ড রসন। সিনেমায় ইতালীয় অভিবাসী টনি কামোন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন পল মুনি।

১৯৮৩ সালে 'স্কারফেইস'- এর রিমেইক করেন ব্রায়ান ডি পালমা। এবার কেন্দ্রীয় চরিত্র টনি মন্টানা, এক কিউবান শরণার্থী। এ চরিত্রে অভিনয় করেন আল পাচিনো।