'সালমান আর রানবিরকে একই কাতারে ফেলবেন না'
সাবেক প্রেমিক সালমান খানের প্রশংসায় সব সময়ই পঞ্চমুখ ক্যাটরিনা কাইফ। এবার বললেন, সালমান খান মানুষ হিসেবে 'অনন্য' এবং তিনি সবসময়ই তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন।
অনেক বছর আগেই সম্পর্ক ভেঙ্গেছে তাদের। কিন্তু এখনও আন্তরিকতা অক্ষুন্ন রয়েছে। খান পরিবারের সব অনুষ্ঠানে ক্যাটের সাবলীল অংশগ্রহণ এবং দুজনের পর্দা রসায়ন দেখে এ কথা বোঝার বাকি নেই কারও।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ক্যাট বলেন, "সালমান, তার বাবা-মা এবং তার বোনেরা সবাই আমার খুবই ভালো বন্ধু। তারা সবাই খুবই চমৎকার মানুষ। সালমানের মত মানুষের দেখা রোজ রোজ পাওয়া যায় না। তিনি সবসময়ই আমার জীবনে একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে থাকবেন। তাকে ছাড়া বলিউডে আমার ক্যারিয়ার গড়া অনেকটাই কঠিন হয়ে পড়তো।"
তিনি আরও বলেন, সালমান এবং রানবিরকে একই কাতারে ফেলা উচিৎ। কারণ অভিনেতা হিসেবে দুজন ভিন্ন।
এছাড়া রানবিরের সাবেক প্রেমিকা দিপিকা পাড়ুকোনকে নিয়েও কথা বলেন ক্যাটরিনা।
"অনেক সময়ই আমি দেখি দিপিকার সঙ্গে আমার নাম জড়িয়ে অনেক কিছু লেখা হয় পত্রিকাতে। কিন্তু এর সব কিছুই মিথ্যা এবং বানোয়াট। আমরা সবাই সহশিল্পী। কারও প্রতি আমার কোনো ক্ষোভ নেই।"
