কেন ডলচে অ্যান্ড গাবানাকে বর্জন করেছেন এলটন জন?
ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার ওপর ভীষণ চটে গেছেন ব্রিটিশ গায়ক এলটন জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছেন আর কখনোই এই ব্র্যান্ডের পোশাক পড়বেন না তিনি।
এর কারণ সম্প্রতি এক ইতালীয় পত্রিকাকে দেওয়া ডমেনিকো ডলচে এবং স্টেফানো গাবানার একটি সাক্ষাৎকার।
সাক্ষাৎকারে এই ফ্যাশন ডিজাইনার জুটি বলেন, "আমরা সমকামী অভিভাবকদের সন্তান দত্তক নেওয়া সমর্থন করি না। মা এবং বাবা ছাড়া কখনও পরিবার হয় না।"
ম্যাগাজিনটিকে তারা আরও বলেন, সন্তানরা হলো একজন বাবা এবং একজন মায়ের ভালোবাসার ফসল। কিন্তু সারোগেট মায়েরা হলেন ‘ভাড়া করা গর্ভধারিণী’ আর দত্তক নেওয়া শিশুরা হচ্ছে ‘রাসায়নিক সন্তান’।
"ক্যাটালগ দেখে বাবা এবং মা ঠিক করে সন্তান উৎপাদন করার ব্যাপারটি কোনো ভাবেই স্বাভাবিক নয়।"
যুক্তরাজ্যে সমকামীদের বিয়ের অধিকার আদায়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখা এলটন এই মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ হন। ২০১৪ সালে নিজের দীর্ঘ দিনের সঙ্গী ডেভিড ফারনিশকে বিয়ে করেন তিনি। এক সঙ্গে তার রয়েছে দুই ছেলে। দুজনেরই জন্ম হয়েছে সারোগেট মায়ের মাধ্যমে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ডলচে-গাবানার একটি ছবি পোস্ট করে জন লেখেন, "কোন সাহসে আমার সন্তানদের তোমরা কৃত্রিম বললে? তোমাদের এই কুৎসিত চিন্তাধারা শুধুমাত্র সমকামীদের নয়, নিঃসন্তান অনেক দম্পতিকেও আঘাত হেনেছে। আমি আর কখনোই তোমাদের পোশাক পড়বো না। #বয়কটডলচেঅ্যান্ডগাবানা"
সমকামী যুগল হিসেবে আলাদাভাবে পরিচিত ছিলেন ডিজাইনার জুটি ডলচে এবং গাবানা। ২৩ বছর প্রেম করার পর ২০০৫ সালে তাদের সম্পর্ক ভেঙ্গে যায়।
২০০৬ সালে ইতালির এক ম্যাগাজিনকে গাবানা বলেছিলেন, একজন সারোগেট মায়ের মাধ্যমে সন্তানও নিতে চাচ্ছিলেন তারা। কিন্তু সন্তানের জন্য সমকামী অভিভাবক থাকা ‘সঠিক নয়’ বলে মনে করেন তিনি।
