২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নব্বইয়ের প্রত্যাবর্তন: ফিরছে হিন্দি গানের সুদিন?

নব্বইয়ের দশকের রোমান্টিক, শ্রুতিমধুর আর অর্থবহ হিন্দি গানগুলির কথা মনে আছে? সেইসব গান হারিয়ে গেছে হালের হিপ-হপ, আইটেম গান আর ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিকের দৌরাত্মে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 06:48 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

তবে সম্প্রতি মুক্তি পাওয়া ‘দাম লাগাকে হাইশা’র শ্রুতিমধুর আর অর্থবহ রোমান্টিক গানগুলো মনে করিয়ে দেয় ‘মুঝে নিন্দ না আয়ে’, ‘তু মেরি জিন্দেগি হ্যায়’, ‘দেখা হ্যায় পেহলি বার’, ‘পেহলা পেহলা পেয়ার হ্যায়’র মতো হারানো দিনের গানগুলির কথা। সিনেমাটির গান জনপ্রিয় হওয়ায় এখন অনেকেই আশাবাদী হচ্ছেন, হিন্দি সিনেমার গানে সুদিন ফেরার ব্যাপারে।

নব্বইয়ের দশকের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী কুমার শানু তার দীর্ঘ দিনের নিরবতা ভেঙে এই সিনেমারই ‘তু’ আর ‘দার্দ কারারা’ গান দুটির মাধ্যমে ফিরেছেন প্লেব্যাকের জগতে।

তিনি মনে করেন, সময় হয়েছে হিন্দি সিনেমার দর্শকদের জন্য ভাল গান উপহার দেবার।

“ইদানিং আমরা অর্থবহ ও সুন্দর কথার গান হারিয়ে ফেলেছি। এর পেছনে অনেক কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম হল বিশ্বাসের অভাব। প্রযোজকদের ভরসা নেই নির্দেশকদের ওপর। নির্দেশকদের আস্থা নেই সংগীত পরিচালকদের ওপর। আর সংগীত পরিচালকদের আস্থা নেই শিল্পীদের ওপর। এই কারণেই সংগীতের ক্ষেত্রে আমরা এমন খারাপ সময় পার করছি।”

তিনি আরও বলেন, “টিন এইজাররা এখন নব্বইয়ের দশকের সংগীত উপভোগ করছে। শ্রোতারা এতোটাও অপদার্থ নয় যে তারা কেবল ‘চার বোতল ভদকা’র মতো গান শুনবে। আমরা তাদের বাধ্য করি এসব শুনতে আর তারা যখন গুনগুন করে এসব গানই গায়, তখন গানটিকে আমরা হিট হিসেবে ধরে নিই।”

‘দাম লাগাকে হাইশা’র গল্প এগিয়েছে নব্বইয়ের দশকের এক ক্যাসেট বিক্রেতাকে ঘিরে, সিডি আর মিউজিক ভিডিওর আবির্ভাবের ফলে যাকে ব্যবসায় মার খেতে হয়। অনু মালিকের সুরে নব্বইয়ের দশকের আমেজের গানগুলো তাই এই সিনেমার জন্য ছিল একেবারে যুৎসই।

‘তুম তো ঠেহরে পারদেসি’র মতো অ্যালবামের শিল্পী আলতাফ রাজা মনে করেন নব্বইয়ের শৈলীর ফিরে আসাটা ছিল অবধারিত। কারণ, সংগীতের চলমান চক্রের কারণেই পুরোনো দিনের গান বারবার নতুন করে ফিরে আসে।

“পরিবর্তনই ধ্রুব। আর তাই প্রতি পনের বছরে গান চক্রাকারে ফিরে আসে। ভারত এক বিশাল দেশ; আর আমার মনে হয় গানের কথার দিক থেকে আমাদের দেওয়ার আছে অনেক কিছু। আমাদের রয়েছে কাব্যের বিশাল ভাণ্ডার; সেসবকে আমরা কেন ব্যবহার করছি না?”

অভিজ্ঞ সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ির মতে শ্রুতিমধুর গানের কদর রয়েছে সব যুগেই।

“শ্রুতি মাধুযর্ থাকাটা ভাল। আর এটা এক ধরনের সজীবতা আনে গানে। আমি অনুভব করি, আজকের দিনে গানের কথায় পরিবর্তন আনা উচিৎ। কারণ তরুণ প্রজন্ম এখন পুরোনো দিনের মেলোডির প্রেমে পড়েছে।”

এদিকে এই প্রজন্মের সুরকার সেলিম মার্চেন্ট মনে করেন, হিপহপ আর ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক-এর কদর কেবল বড় শহরগুলোতেই। গাজিয়াবাদ, জয়পুর, রৌরকেলা, রাঁচি কিংবা ভুবনেশ্বরের মতো ছোট শহরগুলোয় এখনও পুরোনো দিনের গানই মানুষ বেশি পছন্দ করে।

নিজেদের সুর করা গানে সবসময়ই ধ‍্রুপদী ছোঁয়া রাখার ব্যাপারে সচেষ্ট থাকেন সেলিম-সুলেমানি জুটি। ‘কুরবান’ সিনেমার ‘রাসিয়া’, কিংবা ‘সত্যাগ্রহ’ সিনেমার ‘আয়ো জি’ গানগুলোই তার প্রমাণ। কিন্তু সেলিম অভিযোগ করেন, আইটেম গানের মতো করে এই গান গুলোর প্রচার চালানো হয় না।

“সিনেমাজগতে এর জন্য আমাদের রীতিমতো লড়াই করতে হয়। ভারতের মিউজিক ইন্ডাস্ট্রি এখন দুই-একটা প্রতিষ্ঠানের হাতে জিম্মি।”

কোনো নাম না জানিয়ে তিনি আরও বলেন, “তারা মানুষকে অন্য ঘরানার গান শুনতে বাধা দিচ্ছে। তারা একই ধরনের গানের প্রচার চালাচ্ছে, যাতে আবার তারা সফলও হচ্ছে। কিন্তু বিষয়টা দুর্ভাগ্যজনক। কারণ রেডিও কিংবা চ্যানেলে শ্রোতারা এখন সেটাই শুনছে, যা তাদেরকে শোনানো হচ্ছে।