২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিন্ডারেলা’র জাদু বক্স-অফিসেও

মুক্তির প্রথম সপ্তাহান্তেই ডিজনির নতুন লাইভ অ্যাকশন সিনেমা ‘সিন্ডারেলা’ উঠে এসছে বক্স-অফিসের এক নম্বরে। যুক্তরাষ্ট্রে সাত কোটি ডলারের ওপরে আয় করা সিনেমাটির বিশ্বব্যাপী আয় এখন তের কোটি ডলারের বেশি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 06:32 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

উত্তর আমেরিকায় তিন হাজার ৮৪৫টি পর্দায় মুক্তি পেয়েছে ‘সিন্ডারেলা’। সিনেমাটি নির্মীত হয়েছে সাড়ে নয় কোটি ডলার বাজেটে। সপরিবারেই দর্শকরা দেখতে আসছেন সিনেমাটি। বিশেষ করে ১২ বছরের কম বয়সীদের ভীড় সিনেমা হলগুলোতে চোখে পড়ার মতো।

থ্রিডি ফরম্যাটে তৈরি না হলেও সিনেমাটি দর্শক টানছে প্রচুর। ডিজনির আগের দুই লাইভ অ্যাকশন সিনেমা ‘অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড’ এবং ‘ম্যালেফিসেন্ট’-এর মতো এবারের সিনেমাটিও ভালো ব্যবসা করছে বলে দাবি ডিজনির।

ডেইভ হলিস, ডিজনির পরিবেশন বিভাগের প্রধান বলেন, “ ‘অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড’-এর সাড়ে এগারো কোটি ডলারের উদ্বোধনী আয়কে হয়তো ছাড়াতে পারেনি ‘সিন্ডারেলা’, কিন্তু ‘ম্যালেফিসেন্ট’-এর ছয় কোটি নয় লাখ ডলার আয়কে এর মধ্যেই পেছনে ফেলেছে সিনেমাটি। ‘সিন্ডারেলা’র জন্য এটি আসলে খুবই ভালো ব্যবসা কারণ, ‘ডাউনটাউন অ্যাবি’র লিলি জেইমস থাকলেও জনি ডেপ কিংবা অ্যাঞ্জেলিনা জোলির মতো বড় কোনো তারকা ছিল না এই সিনেমায়।”

‘সিন্ডারেলা’র দাপটে পেছনে পড়ে গেছে লিয়াম নিসন অভিনীত নতুন অ্যাকশন সিনেমা ‘রান অল নাইট’। ওয়ার্নার ব্রাদার্সের এই সিনেমা কোনো মতে আয় করেছে ১ কোটি ডলারের কিছু বেশি।

এদিকে ঠিকই ব্যবসা চালিয়ে যাচ্ছে ‘কিংসমেন: দ্য সিক্রেট সার্ভিস’। কলিন ফার্থ অভিনীত সিনেমাটির চলতি সপ্তাহের আয় ৬২ লাখ ডলার। এর মাধ্যমে মুক্তির তিন সপ্তাহের মাথায় বিশ্বব্যাপী ১০ কোটি ডলারের বেশি আয় করলো সিনেমাটি।

বিশ্বব্যাপী আয়ের দিক থেকেও এগিয়ে আছে ‘সিন্ডারেলা’। যুক্তরাষ্ট্র বাদে সারা বিশ্বে সিনেমাটি আয় করেছে ছয় কোটি ২৪ লাখ ডলার, যার মধ্যে আড়াই কোটিই এসেছে চীন থেকে।

‘সিন্ডারেলা’ ডিজনির লাইভ অ্যাকশন সিনেমার তালিকার সর্বশেষ সংযোজন। ডিজনি এর মধ্যে ঘোষণা করেছে আরও দুটি লাইভ অ্যাকশন সিনেমার। ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এ অভিনয় করবেন এমা ওয়াটসন। অন্যদিকে ‘ডাম্বো’র নির্দেশনা দেবেন টিম বার্টন।