ঘাটু গানে মাতোয়ারা সন্ধ্যা
শুক্রবার সন্ধ্যা শহরবন্দী কিছু মানুষের কাছে স্মরনীয় হয়ে থাকবে। কারন নেত্রকোনা জেলা থেকে আসা সুসেন চন্দ্র সাহা রায় ও তাঁর দলটির পরিবেশিত ঘাটু গান।
রবীন্দ্র বিশেষজ্ঞ, লেখক, সাংবাদিক ও সংগঠক ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে ছায়ানট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় নিজেদের মিলনায়তনে আয়োজন করে দেশীয় গানের বাৎসরিক আসর দেশঘরের গান-১৪২১।
আসরে আরও পরিবেশিত হয় বেহুলা-লক্ষ্ণীন্দরের পালা, মারমাদের থালা নৃত্য, ভাওয়াইয়া গান, কবিয়াল বিজয় সরকারের গান।
বৃহত্তর ময়মনসিংহ জেলার বিস্মৃতপ্রায় লোকসংস্কৃতি ঘাটু গান। সেদিন রাধা-কৃষ্ণের প্রেমকে উপজীব্য করে পরিবেশিত হয় নাচ ও গান। এর প্রকৃত স্বাদ ও মাত্রা ঠিক দিনের আলোর মতো স্পষ্ট করেই দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দিলেন সুসেন চন্দ্র সাহা রায়ের দল।
তাদের পরিবেশনা শুরু হয় কৃষ্ণের পরিচয় প্রদানের মাধ্যমে। এরপর মঞ্চে আসেন ঘাটু অর্থাৎ নারী চরিত্রের অভিনেতা। ‘যমুনার জল দেখতে ভালো/চান করিতে লাগে ভালো’ গানটির সঙ্গে তিনি নাচের মুদ্র দেখানো শুরু করলে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক।
পরবর্তীতে তিনি রাধারূপে কৃষ্ণ চরিত্রাভিনেতার প্রেম প্রস্তাব গ্রহণ করেন। অপরদিকে কৃষ্ণ চরিত্রাভিনেতা তার প্রেম প্রমাণে নানা বিষয়ের অবতারণা করেন। এভাবে এক পর্যায়ে কৃষ্ণের ভালোবাসা পাওয়ার চেয়ে না পাওয়া ভালো বলে, তার প্রেম প্রত্যাখান করে পরিবেশনার সমাপ্তি টানে দলটি।
ছায়ানটের মঞ্চ সজ্জায় ছিল বিশেষত্ব। বাড়ির বার বারান্দার আবহ তৈরি করতে তারা মঞ্চের পেছন দিকটা সাজিয়েছে বারান্দাসহ ছনের বাড়ির মতো করে। শিল্পীরা সেই বারান্দায় বসে সংগীত পরিবেশন করেন।
ঘাটু গান শেষ হলে নাদিরা বেগম পরিবেশন করেন ভাওয়াইয়া গান, চন্দনা মজুমদার পরিবেশন করেন কবিয়াল বিজয় সরকারের গান।
অনামিকা ত্রিপুরার পরিকল্পনায় বন পাহাড়ের নৃত্যগীত পরিবেশনা করতে আসেন পার্বত্য চট্টগ্রামের একদল অধিবাসী। তারা চাকমা, মারমা, বম, ত্রিপুরা জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরেন।
মারমাদের থালা নৃত্যে মুগ্ধতার রেশ শেষ হওয়ার আগেই তিন শিল্পীর ‘হজাগরি’ পরিবেশনায় বিমুগ্ধ দর্শক। দুই হাতে থালা এবং জ্বলন্ত মোমবাতিসহ বোতল নিয়ে নাচতে নাচতে এক পর্যায়ে কলসির উপর নাচের মুদ্রা ফুটিয়ে তোলাই এ নাচটির মুল বিষয়।
দেবী মনসার অভিশাপে বেহুলার পতিবিয়োগ পরবর্তী একনিষ্ঠতা প্রদর্শনই এ পালাগানের মূল উপজীব্য। মনসার অভিশাপের কারণে বেহুলার নববিবাহিত স্বামী লক্ষ্ণীন্দর বাসর রাতেই মৃত্যুবরণ করেন। কিন্তু বেহুলা দৃঢ়চিত্তে তার স্বামীর মৃতদেহ নিয়ে কলার ভেলায় ভাসতে ভাসতে দেবতাদের কাছ থেকে জীবন ফিরিয়ে আনার চেষ্টায় সফল হয়।
উলুধ্বনি, হরিবোলে বর্ণিত পালাকে জীবন্ত করে তোলেন শিল্পীরা।
পালাকার দীনবন্ধু সরকার ও তাঁর দলের পরিবেশনায় উঠে আসে মনসা দেবীর পূজা প্রবর্তনের ইতিহাস ও তাতে বাম হাত ব্যবহারের প্রসঙ্গ। আরও উঠে আসে লৌকিক বাংলার নারীদের দৃঢ়তা, সংকল্প, নিষ্ঠা ও একইসঙ্গে সততা।
এবারের অনুষ্ঠানটি শুরু হয় সারওয়ার আলীর স্বাগত কথনের মাধ্যমে। ওয়াহিদুল হকের স্ত্রী এবং ছায়ানট সভাপতি সনজীদা খাতুনও বক্তব্য দেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শামসুজ্জামান খান।
ছবি কৃতজ্ঞতা: ছায়ানট।
