মুখের কথায় সিনেমা হিট!
বলিউডের জন্য এ বছরের শুরুটা ভালো হয়নি। তবে মন্দা ভাব কাটিয়ে বক্স-অফিস আবার চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে ‘বদলাপুর’ আর ‘দাম লাগাকে হাইশা’র মতো সিনেমা দিয়ে। বড় তারকার জৌলুস, বিশাল বাজেটের বুনিয়াদ কিংবা আইটেম গানের চাকচিক্য ছাড়াই সিনেমাগুলি বক্স-অফিসে জ্বলে উঠেছে কেবল ভিন্নধর্মী গল্পের জোরে।
হিন্দি সিনেমার বাজারে মুক্তির অনেক আগে থেকেই ব্যাপক আকারে প্রচার চালানোর বিষয়টি সিনেমা হিট করার পেছনে বড় ভূমিকা রাখে বলেই মনে করা হয়। কিন্তু ‘বাদলাপুর’ ও ‘দাম লাগাকে হাইশা’র ক্ষেত্রে ঘটেনি এমন কিছু। স্বল্প বাজেটের এই দুই সিনেমার ক্ষেত্রেই মুক্তির পরপর দর্শক এবং সমালোচকদের প্রশংসার ওপর ভর করেই ধীরে ধীরে বেড়েছে ব্যবসার গতি।
ভারুন ধাওয়ান অভিনীত ‘বাদলাপুর’-এর নির্মীত হয়েছে ২৫ কোটি রুপির বাজেটে। সিনেমায় ভারুনের বিপরীতে ছিলেন না হাল আমলের কোন গ্ল্যামারাস নায়িকা; আইটেম গানেরও কোন বালাই রাখেননি নির্দেশক শ্রিরাম রাঘাভান। কেবলমাত্র কলাকুশলীদের অভিনয় আর গল্পের গভীরতার কারণেই প্রথম দিনের খারাপ ব্যবসার পরও মুক্তির তিন সপ্তাহের মাথায় সিনেমাটি আয় করে নিয়েছে ৫৭ কোটি রুপি। বাণিজ্য বিশ্রেষকদের অনেকেই বলছেন, সিনেমাটির এই সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে দর্শক এবং সমালোচকদের কাছ থেকে আসা ইতিবাচক প্রতিক্রিয়া।
একই ঘটনা ঘটেছে ইয়াশ রাজ ফিল্মসের স্বল্প বাজেটের সিনেমা ‘দাম লাগাকে হাঁইশা’র ক্ষেত্রেও। এই সিনেমার মাধ্যমেই নায়িকাদের সাইজ জিরো হওয়ার প্রচলিত প্রথা ভেঙ্গে অভিষেক ঘটেছে ‘মোটা নায়িকা’ ভূমি পেদনেকারের। তারপরও প্রেম আর তার ‘মোটা বউ’ সন্ধ্যার হৃদয়ছোঁয়া ভালবাসার গল্প মন জয় করে নিযেছে সবারই। আর তাই এবারও খারাপ শুরুর পর এক সপ্তাহের মাথাতেই ঠিকই বক্স-অফিসের চূড়ায় পৌঁছে গেছে সিনেমাটি। ১৬ কোটি রুপি বাজেটের ‘দাম লাগাকে হাঁইশা’র আয় এখন প্রায় ২০ কোটি রুপি।
আনুশকা শর্মার প্রযোজনায় প্রথম সিনেমা ‘এনএইচটেন’-এর ক্ষেত্রেও এরকম কিছু ঘটবে বলেই ধারণা করছে কোইমোই ডটকম। শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিন খুব একটা ব্যবসা না করলেও গণমাধ্যমে ভাল প্রতিক্রিয়ার পর থেকেই হলগুলোতে বাড়তে থাকে ভীড়। নির্মাতারা আশা করছেন প্রথম সপ্তাহান্তেই ১১ কোটি রুপির বেশি আয় করতে পারবে সিনেমাটি।
