চুমু নিয়ে চালাকি
‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’র ট্রেইলারেই দেখা গেছে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সঙ্গে সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ চুমুর দৃশ্য। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের এই অভিনেতা বলছেন, দৃশ্যটির শুটিং হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নাকি এ বিষয়ে কিছুই জানতেন না তিনি।
‘শুদ্ধ দেসি রোমান্স’ সিনেমায় দুই অভিনেত্রী পারিনিতি চোপড়া এবং ভানি কাপুরের সঙ্গে একাধিক চুমুর দৃশ্যে অভিনয় করা সুশান্তের সঙ্গে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’র এই বিশেষ দৃশ্যটি সম্পর্কে আগে থেকে কিছুই বলেননি নির্মাতা দিবাকর ব্যানার্জী। সুশান্তের ভাষ্যে, এ নিয়ে তার সঙ্গে বেশ লুকোচুরিই খেলেছেন দিবাকর।
“দিবাকর আমার সঙ্গে বেশ মজার একটা খেলা খেলেছিল এটা নিয়ে। সে আমাকে একটি দৃশ্যে অভিনয়ের নির্দেশনা দেওয়ার পর আমি তৈরি হয়ে নিলাম। কিন্তু তখনও আমি জানতাম না ওই দৃশ্যেই আঙ্গুরি দেবী (স্বস্তিকা মুখার্জি অভিনীত চরিত্র) আমাকে চুমু দেবে।”
সুশান্ত বলেন, সাধারণত তার প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলাপ করেন তিনি, যাতে করে পর্দায় সুশান্তকে যে কোন দৃশ্যে দেখার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত থাকেন তিনি। কিন্তু ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’র বেলায় চিত্রনাট্যেই গোপন করা হয়েছিল চুম্বন দৃশ্যের কথা।
“আমি একদমই তৈরি ছিলাম না এরকম কিছুর জন্য। মজার ব্যাপার হল, আমার চরিত্র ব্যোমকেশেরও চুমুর ব্যাপারটি জানার কথা নয়। আর তাই এই দৃশ্যে ব্যোমকেশের যেভাবে হতভম্ভ হওয়ার কথা, আমার প্রতিক্রিয়াও হয় ঠিক সেরকম। আর প্রথমবারেই তার কাঙিক্ষত এই প্রতিক্রিয়া ক্যামেরাবন্দী করে ফেলে দিবাকর।”
“দৃশ্যটি শেষ হওয়ার পরও দিবাকর আমাকে কিছুই বললো না। উল্টো এমন ভাব দেখালো, যেন সে কিছুই জানে না!”
তবে প্রথমবারের দৃশ্যায়নের পরও সুশান্ত এবং স্বস্তিকাকে দিয়ে দৃশ্যটি আরও ছয়বার অভিনয় করিয়েছেন দিবাকর।
“সে আমাকে আরও কয়েকবার এই দুশ্যে অভিনয় করতে বলল। ছয়বারের টেকে এটি শেষ হল। তারপর আমি ঙ্কিতাকে ফোন করে বললাম, দুশ্চিন্তার কিছু নেই। কোনো কিছুই ঘটেনি।”
সিনেমায় তার অভিনীত এই দৃশ্য প্রথমবারের মতো সুশান্ত দেখেন ট্রেইলারেই। আর তখন তিনি বুঝতে পারেন দিবাকরের চালাকিটা।
“আমি দিবাকরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেলাম, ‘এটা কী ছিল?’ আর এভাবেই সে আমার সঙ্গে এই চালাকিটা করলো।”
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি গোয়েন্দা ব্যোমকেশ বক্সির কাহিনির ওপর ভিত্তি করে দিবাকর ব্যানার্জী তৈরি করেছেন তার নতুন সিনেমা ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’। সিনেমাটি মুক্তি পাবে ৩ এপ্রিল।
