২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স-অফিসে শীর্ষে 'দাম লাগা কে হাইশা'

এই সপ্তাহে বলিউডের বক্স-অফিসে রাজত্ব করছে 'দাম লাগা কে হাইশা'। কিন্তু নিম্নমূখী 'বাদলাপুর'- এর আয়ের গতি। অপরদিকে একদমই পাত্তা পায়নি মাল্লিকা শিরাওয়াতের বিতর্কিত সিনেমা 'ডার্টি পলিটিক্স'।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 03:41 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

শুরুটা ঠাণ্ডা হলেও ধীরে ধীরে বক্স-অফিসে উত্তাপ ছড়াতে শুরু করেছে ইয়াশ রাজ ফিল্মসের 'দাম লাগা কে হাইশা'। ভিন্ন ধাঁচের এই রোমান্টিক কমেডি সমালোচকদের মন জয় করে এবার দর্শকেরও আগ্রহ বাড়াচ্ছে।

অপরদিকে 'দাম লাগা কে হাইশা'র দাপটে কমে গিয়েছে ভারুন ধাওয়ান অভিনীত 'বাদলাপুর'- এর ঔজ্জ্বল্য। দ্বিতীয় সপ্তাহে আয় কমে গেলেও এরই মধ্যে হিটের তালিকায় নাম উঠে গেছে সিনেমাটির।

দেশব্যাপী মাত্র ৭৬৯টি পর্দায় মুক্তি দেওয়া হয় 'দাম লাগা কে হাইশা'। তারপরও দুই সপ্তাহে সিনেমাটির মোট আয় হয়েছে ১২ কোটি ৫৯ লাখ রুপি। হোলির ছুটিতে হলে দর্শক সমাগম বেড়েছে বলে জানান বক্স-অফিস বিশ্লেষক তারান আদর্শ।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, দুই সপ্তাহে এখন পর্যন্ত 'বাদলাপুর'- এর আয় হয়েছে মোট ৪৫ কোটি ৮৪ লাখ রুপি। নির্মাণের খরচ উঠিয়ে নেওয়ার পর এবার লাভের মুখ দেখতে শুরু করেছে সিনেমাটি।

কিন্তু হোলির ছুটিতেও দর্শকের মন কাড়তে পারেনি মাল্লিকা শিরাওয়াতের 'ডার্টি পলিটিক্স'। সমালোচকদের রীতিমত ক্ষুব্ধ করে সিনেমা হলগুলোতেও মাত্র ১০% দর্শক সমাগম দেখেছে 'ডার্টি পলিটিক্স'।

বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে গড় সীমার নিচে আয় করেছে এই রাজনৈতিক সিনেমাটি।  

পুরনো খবর:

'সাইজ জিরো হতেও প্রস্তুত'