২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সাইজ জিরো হতেও প্রস্তুত'

'দাম লাগাকে হাইশা'র মধ্য দিয়ে বলিউডি সিনেমায় আবির্ভাব ঘটেছে 'মোটা' নায়িকা ভুমি পেদনেকারের। কিন্তু এখন শোনা যাচ্ছে পরের সিনেমাতেই এক মডেলের ভুমিকায় অভিনয় করবেন তিনি, কাজেই ঝেড়ে ফেলবেন সব বাড়তি মেদ। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 08:01 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

‘দাম লাগাকে হাইশা'  সিনেমার জন্য নিজের ওজন বাড়িয়ে ৮৯ কেজি করতে হয়েছিল ভুমিকে। সিনেমা মুক্তি পেতেই অবশ্য দেখা গেল, ওজন কমিয়ে ফেলেছেন তিনি।

সম্প্রতি সিনেমার জন্য সাইজ জিরো হতে কোনো আপত্তি আছে কি না, এমন প্রশ্নের জবাবে ভূমি বলেন, “কেন নয়? অবশ্য এর সবই নির্ভর করবে চিত্রনাট্যে সত্যিই আমার চরিত্রটিকে সাইজ জিরো হিসেবে দেখানো হয়েছে কি না। চরিত্র দাবী করলে অবশ্যই আমি সাইজ জিরো দেহের অধিকারী হতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “পরের সিনেমাতেই আমাকে অভিণয় করতে হবে একজন মডেলের চরিত্রে। চরিত্রের প্রতি সুবিচার করতে আমি অবশ্যই বাড়তি ওজন সব ঝেরে ফেলবো।

চরিত্রের প্রয়োজনে তিনি যে কোন কিছু করতেই প্রস্তুত, সেটা প্রথম সিনেমাতেই। সন্ধ্যা চরিত্রটির জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে এক বছর ধরে প্রস্তুতি নিয়েছেন ভুমি।

“এখন আমি ওজন কমিয়েছি। আমার ওজন বাড়ানোর পেছনের কারণটি ছিল সিনেমা। এর জন্য পুরো এক বছর আমাকে হাই-ক্যালোরি ডায়েটে থাকতে হয়েছে। সিনেমার কাজ শেষ হওয়ার পর মনে হল, সময় হয়েছে সন্ধ্যাকে পেছনে ফেলার। আমি তাই আমার স্বাভাবিক জীবন-যাপনে ফেরত গেছি।”

তবে এও বললেন তার মতে সৌন্দর্যের সঙ্গে ওজনের কোনো সম্পর্ক নেই।

“ওজন নিয়ে জীবনে কখনো আমি চিন্তিত হইনি। আমার মনে হয়না এটা খুব বড় কোন বিষয়। এমনকি আমার ওজন যখন প্রায় ৯০ কেজি ছিল, তখনও আমি নিজেকে সুন্দর মনে করতাম। আমি মনে করি, আপনি যদি নিজেকে সুন্দর ভাবেন, তাহলে সেটা আপনার চেহারাতেই ফুটে উঠবে। এটা আসলে মানসিকতার ব্যাপার।”

ইয়াশ রাজ ফিল্মস-এ সহকারী কাস্টিং ডিরেক্টর হিসেবে ৬ বছর ধরে কাজ করা ভুমি সবসময়ই চাইতেন অভিনেত্রী হতে।

“আমি সব সময়ই অভিনয় করতে চাইতাম...আমার সবসময়ই মনে হতো অভিনেত্রী হিসেবে আমাকে মানাবে না, কারণ আমি সবসময়ই বাড়তি ওজনের অধিকারী ছিলাম।”

“তবে আমার সৌভাগ্য এরকম একটি চিত্রনাট্যে কাজ করার সুযোগ পেয়েছি। আমার মনে হয় ঈশ্বরই এই পথ আমার জন্য নির্ধারণ করেছেন।”