‘ইন্ডিয়াস ডটার’-এর পাশে মেরিল স্ট্রিপ, ফ্রিদা পিন্টো
ভারতে নিষিদ্ধ হওয়া বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়াস ডটার’ মুক্তি পেল যুক্তরাষ্ট্রে। সোমবার রাতে নিউ ইয়র্কে তথ্যচিত্রটির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অস্কার জয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ এবং ফ্রিদা পিন্টো।
নিউ ইয়র্কের বারুশ কলেজে তথ্যচিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে মোমবাতি জ্বালিয়ে একটি মিছিলের মাধ্যমে ২০১২ সালে দিল্লীতে গণধর্ষণের শিকার নিহত মেডিকেল ছাত্রীর প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত সাড়ে ছয়শ’ দর্শক।
“আজ রাতে আমরা মোমবাতিগুলো জ্বালিয়েছি জ্যোতি সিং-এর সংক্ষিপ্ত অথচ সম্ভাবনাময় জীবনকে স্মরণ করে। সে ছিল ভারতের সন্তান; আজ সে আমাদের সবার সন্তান।”
অনুষ্ঠানে ধর্ষণের শিকার হওয়া ‘নির্ভয়া’কে স্মরণ করে এই বক্তব্য রাখেন স্ট্রিপ।
তথ্যচিত্রটির নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে ভারতীয় অভিনেত্রী ফ্রিদা পিন্টো বলেন, “এই তথ্যচিত্রটি কোনোভাবেই এই সমস্যার সমাধনের জন্য নৃসংশতাকে প্রচার করছে না। আমরা আসলে সবচেয়ে সভ্য উপায়েই একে মোকাবেলা করার চেষ্টা করছি।”
বাফটাজয়ী ব্রিটিশ নির্মাতা লেসলি অডউইন নির্মীত এই তথ্যচিত্রটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে এতে ধর্ষকদের একজন মুকেশ সিং-এর সাক্ষাৎকার প্রচার করায়। ওই সাক্ষাৎকারে ধর্ষণের জন্য নারীদের দায়ী করেন মৃত্যুদণ্ড প্রাপ্ত এই আসামী। নারীদের খোলামেলা পোশাক পরা, সন্ধ্যার পর একা বাইরে বের হওয়া এবং সিনেমা হল থেকে প্রেমিকের সঙ্গে বের হওয়াটাকেও দুষেন ওই ব্যাক্তি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘ইন্ডিয়াস ডটার’ প্রচার হওয়ার কথা ছিল। তখনই তথ্যচিত্রটির প্রচার ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করে। তবে এর আগেই ‘দর্শকদের অতিরিক্ত আগ্রহে’র কথা বলে এটি প্রচার করে বিবিসি। ইউটিউবেও তথ্যচিত্রটি প্রকাশ করা হয়।
তবে একদিন পরেই ভারত সরকারের উকিল নোটিশে ‘ইন্ডিয়াস ডটার’ সরিয়ে ফেলে ইউটিউব।
